HPV টিকাসারভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে কার্যকরী HPV টিকা কর্মসূচি শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। আজ, শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের ৮৮০টি কেন্দ্র থেকে দেওয়া হবে HPV টিকা। ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরীরাই মূলত এই টিকা পাবেন।
আর সরকারের এই নতুন কর্মসূচি ঘোষণাতে খুশি রাজ্যের নামী ক্যানসার চিকিৎসকেরা। এই প্রসঙ্গে বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ ডা: গৌতম মুখোপাধ্যায় বলেন, 'খুবই ভাল একটি উদ্যোগ। আরও আগে এই কাজ শুরু করা গেলে ভাল হতো।' একই মত জানালেন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের চিফ মেডিক্যাল অফিসার ডা: পার্থ নাথ। তিনি বলেন, 'সরকারের এই উদ্যোদকে সাধুবাদ জানাই। এটা খুবই জরুরি একটা উদ্যোগ।'
আসলে সারভাইক্যাল ক্যানসার বা জরায়ু মুখের ক্যানসার খুব জটিল একটি অসুখ। এই রোগ জরায়ুর নীচের অংশ বা সার্ভিক্সের কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে হয়। আর জরায়ুমুখের ক্যান্সার মূলত হয় হিউম্যান প্যাপিলোমাভাইরাসের জন্য। তবে এই অসুখের অন্যান্য কারণও রয়েছে। যদিও দেখা গিয়েছে, হিউম্যান প্যাপিলোমাভাইরাসের বিরুদ্ধে কার্যকরী এইচপিভি টিকা নিলে এই রোগ থেকে অনেকটাই দূরে থাকা যায়।
এই প্রসঙ্গে ডা: মুখোপাধ্যায় বলেন, 'এই টিকা নেওয়া খুব জরুরি। কারণ, এটা এমন একটা ক্যানসার যেটা প্রতিরোধ করা যায়।' তিনি আরও জানান, এইচপিভি 16 স্ট্রেনের জন্যই এই রোগ মূলত হয়। এর থেকে সুরক্ষা দেয় এই টিকা। পাশাপাশি আরও কিছু স্ট্রেনকেও প্রতিরোধ করে।
ডা: নাথের কথায়, 'একটা সময় সারভাইক্যাল ক্যানসারে আক্রান্ত হয়ে অনেক মহিলা মারা যেতেন। তবে এখন পরিস্থিতি বদলে গিয়েছে। বর্তমানে আধুনিক চিকিৎসার জন্য রোগীদের আয়ু বাড়ছে। তবে তারপরও বলব টিকা নেওয়া উচিত। টিকা নেওয়া থাকলে এই অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশ কম।'
এই টিকা নিলে কী রোগ হবে না?
এমন গ্যারেন্টি নেই। তবে টিকা নেওয়া থাকলে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কোন বয়সে নেওয়া উচিত?
এই বিষয়টা নিয়েও খোলসা করেছেন ডা: মুখোপাধ্যায়। তিনি বলেন, 'সাধারণ ৯ থেকে ১৫ বছর বয়সের মধ্যে এই টিকা দেওয়া উচিত। তাতেই টিকাটা ভাল কাজ করে। আর চেষ্টা করতে হবে সেক্সুয়াল ক্রিয়াকলাপে জড়িয়ে পড়ার আগেই এই টিকা নেওয়ার। তাহলেই রোগ প্রতিরোধে এগিয়ে যাবেন।'
বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।