Best Facial For Skin: হাইড্রা না অ্যাকোয়া ফেসিয়াল? ত্বক অনুযায়ী বেছে নিন মেডিফেসিয়াল! বিশেষজ্ঞদের পরামর্শ

Medifacial Benefits: ছোট ছোট যত্ন শুধু ত্বকের জেল্লা ফেরায় না, মানসিক শান্তিও দেয়। তবে চর্মরোগ বিশেষজ্ঞ ডা.গীতিকা শ্রীবাস্তবের মতে, সাধারণ ফেসিয়ালের চেয়ে ‘মেডিফেসিয়াল’ (Medifacial) এখন অনেক বেশি কার্যকর।

Advertisement
হাইড্রা না অ্যাকোয়া ফেসিয়াল? ত্বক অনুযায়ী বেছে নিন মেডিফেসিয়াল! বিশেষজ্ঞদের পরামর্শপ্রতীকী ছবি

ফেসিয়াল মানেই যে কেবল রূপচর্চা, তা কিন্তু নয়। রোজকার ব্যস্ত ইঁদুরদৌড়ের জীবনে নিজের যত্ন নেওয়ার জন্য একটু সময় বের করাটাও ভীষণ জরুরি। আর এই ছোট ছোট যত্ন শুধু ত্বকের জেল্লা ফেরায় না, মানসিক শান্তিও দেয়। তবে চর্মরোগ বিশেষজ্ঞ ডা.গীতিকা শ্রীবাস্তবের মতে, সাধারণ ফেসিয়ালের চেয়ে ‘মেডিফেসিয়াল’ (Medifacial) এখন অনেক বেশি কার্যকর। এটি শুধু সাময়িক আরামই দেয় না, দীর্ঘমেয়াদি ভিত্তিতে ত্বকের স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়।

ডা. গীতিকা জানাচ্ছেন, "মেডিফেসিয়ালে রূপচর্চার সঙ্গে ডার্মাটোলজিক্যাল সায়েন্স বা চিকিৎসাবিজ্ঞানের মেলবন্ধন ঘটানো হয়। এর ফলে ত্বকের নির্দিষ্ট সমস্যা দূর হওয়ার পাশাপাশি ফেসিয়ালের রিল্যাক্সিং অনুভূতিও বজায় থাকে।"

পার্লারের ফেসিয়াল থেকে মেডিফেসিয়াল কতটা আলাদা?

সাধারণ পার্লার বা স্যালন ফেসিয়াল মূলত তাৎক্ষণিক জেল্লা আর সাময়িক আরামের ওপর জোর দেয়। অন্যদিকে, মেডিফেসিয়াল হল একেবারে কাস্টমাইজড ট্রিটমেন্ট, যা ত্বকের নির্দিষ্ট সমস্যার গভীরে গিয়ে কাজ করে। দাগছোপ, ব্রণ, অতিরিক্ত তেলতেলে ভাব বা বয়সের ছাপ পড়া— এই ধরনের সমস্যাগুলি দূর করতে আধুনিক মেডিক্যাল-গ্রেড সরঞ্জাম ও ডার্মাটোলজিস্ট-অনুমোদিত প্রোডাক্ট ব্যবহার করা হয়।

এর সবচেয়ে বড় সুবিধা হল, এই ফেসিয়াল করার পর আলাদা করে কোনও বিশ্রামের প্রয়োজন হয় না বা ত্বক লাল হয়ে থাকে না। তাই ব্যস্ত রুটিনের মাঝেও অনায়াসেই এটি করা যায়। নিয়মিত মেডিফেসিয়াল করালে ত্বকের গুণগত মান ভিতর থেকে উন্নত হয়।

ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন সঠিক মেডিফেসিয়াল

আপনার ত্বকের ধরন ও কী ধরনের সমস্যা রয়েছে, তার উপর ভিত্তি করেই সঠিক মেডিফেসিয়াল বেছে নেওয়া উচিত।

শুষ্ক ত্বকের জন্য: হাইড্রাফেসিয়াল (Hydrafacial)

শুষ্ক ত্বকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ও পুষ্টি প্রয়োজন। এর জন্য হাইড্রাফেসিয়াল অত্যন্ত কার্যকর। এটি ত্বককে গভীরভাবে পরিষ্কার ও এক্সফোলিয়েট করার পাশাপাশি হাইড্রেটিং সিরামের সাহায্যে পুষ্টি জোগায়। 'ভরটেক্স প্রযুক্তি' ব্যবহার করে ত্বকের ভিতরের ময়লা বের করে এনে প্রয়োজনীয় আর্দ্রতা পৌঁছে দেওয়া হয় এই পদ্ধতিতে। ফলে ত্বক হয়ে ওঠে আর্দ্র, নরম ও উজ্জ্বল।

Advertisement

তৈলাক্ত ত্বকের জন্য: কার্বন ফেসিয়াল বা হলিউড ফেসিয়াল (Carbon Facial)

যাঁদের ত্বক অতিরিক্ত তেলতেলে এবং সহজেই ব্রন বেরোয়, তাঁদের জন্য কার্বন ফেসিয়াল বা 'হলিউড স্পেকট্রা ফেসিয়াল' দারুণ উপকারী। এতে 'কিউ-সুইচড লেজার' প্রযুক্তি এবং কার্বন লোশন ব্যবহার করা হয়। এর ফলে ত্বকের গভীরে থাকা রোমকূপগুলি পরিষ্কার হয় এবং তেলের ক্ষরণ নিয়ন্ত্রণে থাকে।

এটি অতিরিক্ত সিবাম কমায়।

ব্রন ও র‍্যাশ প্রতিরোধ করে।

ওপেন পোরস বা বড় রোমকূপ ছোট করতে সাহায্য করে।

ব্রনর দাগ ও ত্বকের অসমান রং ঠিক করে।

সেনসিটিভ বা স্পর্শকাতর ত্বকের জন্য: ফোটোফেসিয়াল (Photofacial)

স্পর্শকাতর ত্বকে সহজেই লালচে ভাব, চুলকানি বা র‍্যাশ দেখা দেয়। এই ধরনের ত্বকের জন্য ইনটেন্স পালসড লাইট (IPL) প্রযুক্তির উপর নির্ভরশীল ফোটোফেসিয়াল সবচেয়ে উপযুক্ত। আলোর রশ্মি ত্বকের ভিতরের প্রদাহ বা ইনফ্ল্যামেশন দূর করে। কয়েকটি সেশনের পর ত্বকের লালচে ভাব অনেকটাই কমে যায় এবং ত্বকের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা (Skin barrier) মজবুত হয়।

ব্রণ- প্রবণ ত্বকের জন্য: অ্যাকোয়া ফেয়ারনেস ফেসিয়াল (Aqua Fairness Facial)

যাঁদের ত্বকে খুব সহজেই ব্রন বেরোয়, খুব কড়া কোনও ট্রিটমেন্ট তাঁদের উপকারের চেয়ে অপকারই বেশি করে। এই ক্ষেত্রে কাস্টমাইজড অ্যাকোয়া ফেয়ারনেস ফেসিয়াল অত্যন্ত নিরাপদ। এতে অক্সিজেট (OxyJet) প্রযুক্তির সাহায্যে খুব হালকা এক্সফোলিয়েশন করা হয়। সঙ্গে থাকে কোজিক অ্যাসিড-বেসড পিল, যা রোদে পোড়া দাগ (Tan) ও মৃত কোশ দূর করে। ব্রনের সমস্যা না বাড়িয়ে ত্বককে পরিষ্কার করাই এর মূল উদ্দেশ্য।

নিষ্প্রভ ও দূষণে ক্ষতিগ্রস্ত ত্বকের জন্য: অক্সিজেন-বেসড ফেসিয়াল

দিনের পর দিন দূষণের দাপটে ত্বক অনেক সময়ই তার স্বাভাবিক জেল্লা হারিয়ে ক্লান্ত ও রুক্ষ হয়ে পড়ে। এর সমাধানে অক্সিজেনিও (OxyGeneo) বা অক্সিজেন ডোম ফেসিয়ালের মতো ট্রিটমেন্ট ম্যাজিকের মতো কাজ করে। এই ফেসিয়ালগুলি ত্বকে অক্সিজেনের মাত্রা ও রক্ত চলাচল বাড়ায়। পাশাপাশি দূষণের কারণে হওয়া ক্ষতিও পূরণ করে। ফলে ত্বক হয়ে ওঠে সতেজ, স্বাস্থ্যোজ্জ্বল এবং তরতাজা।

ডা. গীতিকা শ্রীবাস্তব মনে করিয়ে দিচ্ছেন, মেডিফেসিয়াল কিন্তু নিছক কোনও বিলাসবহুল রূপচর্চা নয়। তাঁর কথায়, "এটি এক ধরনের প্রিভেন্টিভ ডার্মাটোলজি বা রোগ প্রতিরোধক ত্বক-চিকিৎসা। ত্বকের ধরন বুঝে সঠিক ফেসিয়াল বেছে নিয়ে যদি নিয়ম করে করা যায়, তবে তা ভবিষ্যৎতে ত্বকের বড়সড় সমস্যা আটকে দেয়।"

তাৎক্ষণিক জেল্লা পাওয়াটা উপরি পাওনা হলেও, মেডিফেসিয়ালের আসল কাজ হল ভিতর থেকে ত্বককে সুস্থ করে তোলা। তাই দীর্ঘমেয়াদি স্কিনকেয়ার রুটিনে এই ফেসিয়াল রাখাটা নিঃসন্দেহে একটি বুদ্ধিমানের কাজ।

 

POST A COMMENT
Advertisement