কলাই রুটিবাংলার বিভিন্ন জেলায় কিছু না কিছু স্থানীয় খাবারের বৈশিষ্ট্য রয়েছে। আর সেইসব জায়গায় গেলে সেখানকার লোকাল ফুড না খেলে জীবনটাই বৃথা। তেমনই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটি খাবার হলো কলাই রুটি বা কলাই ডালের রুটি। যা মূলত মাষকলাইয়ের ডাল ও চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। মালদার স্ট্রিট ফুডে এই কলাই ডালের রুটি দেখতে পাবেন। যা পরিবেশন করা হয় তেঁতুল, সরষে বাটা ও কাঁচালঙ্কার ঝাল-টক চাটনি দিয়ে। এই রুটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। এই রুটি বাড়িতে কীভাবে তৈরি করবেন আসুন জেনে নিন রেসিপি।
উপকরণ
মাষকলাইয়ের ডাল
চালের গুঁড়ো
নুন
রুটি সেঁকার জন্য মাটির পাত্র
পদ্ধতি
একটি পাত্রে মাষকলাইয়ের আটা, চালের গুঁড়ো এবং সামান্য লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে জল দিয়ে নরম একটি ডো তৈরি করুন। ডোটি কিছুক্ষণ ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিন।
হাতে সামান্য জল লাগিয়ে ডো থেকে লেচি কেটে নিন। এবার হাতের তালুতে জল বা তেল লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল আর কিছুটা পুরু আকৃতির রুটি তৈরি করুন। এই রুটি সাধারণের তুলনায় আকারে বড় ও মোটা হয়।
মাটির তাওয়া বা কড়াই ভালোভাবে গরম করে নিন। এবার রুটিটি তাওয়ায় দিয়ে মাঝারি আঁচে দুই পিঠ ভালোমতো সেঁকে হালকা বাদামী বা পোড়া পোড়া দাগ ধরিয়ে নিন।
ব্যস তৈরি গরম গরম কলাইয়ের রুটি। এটি বেগিন ভর্তা, শুকনো লঙ্কা-পেঁয়াজ ভর্তা, টমেটো ভর্তা বা শুকনো কষা মাংসের সঙ্গে পরিবেশন করা হয়।