বিউলির ডালের বড়াঅনেকেই গরম গরম ভাত-ডালের সঙ্গে ভাজাভুজি, বড়া এইসব খেতে ভালই বাসেন। বাঙালি বাড়িতে অনেক সময়ই এইসব ভাজাভুজি, বড়া এইসব হয়ে থাকে। মুসুর ডালের বড়া, মাংসের চর্বির বড়া, চিংড়ি মাছের বড়া, মাছের ডিমের বড়া একাধিক বড়া রয়েছে বাঙালির খাদ্যের তালিকায়। আর সেখানে বিউলির ডালের বড়া এইসব বড়ার স্বাদকে ছাপিয়ে চলে যায়। বানানো যেমন সহজ তেমনি খেতেও দারুণ। শিখে নিন বিউলির ডালের বড়া।
উপকরণ
বিউলির ডাল, হিং, পেঁয়াজ কুচি, কারি পাতা, কাঁচা লঙ্কা, নুন, ভাজার জন্য তেল।
পদ্ধতি
ডালটা শুধু বেশ কয়েক ঘণ্টা আগে ভিজিয়ে রাখতে হবে। বিউলির ডাল বেটে (সামান্য জল দিয়ে) তার মধ্যে হিং, পেঁয়াজ কুচি, কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে নিন। দিতে হবে স্বাদ মতো নুন। সমগ্র মিশ্রণটি হাত দিয়ে ভাল করে ফেটিয়ে নেওয়া আবশ্যক। না হলে বড়া ফুলবে না, স্বাদও ভাল হবে না। ডুবো তেলে মিশ্রণটি গোল গোল করে দিয়ে বড়া ভেজে নিন।
এর সঙ্গে যে কোনও ডালই ভাল লাগবে। বিউলির ডাল, মুসুর ডাল কিংবা মুগ ডালও মন্দ লাগবে না। আবার অনেকে মুড়ির সঙ্গেও এই ডালের বড়া চাইলে খেতে পারেন।