
চিংড়ির মালাইকারিবিশ্বের দরবারে ভারতীয় খাবারের মান ক্রমশঃ যে বাড়ছে, এ কথা অস্বীকার করার উপায় নেই। ভারতীয় খাবারের প্রতি বিদেশীদের আকর্ষণ বরাবর, তা বহুবার প্রমাণিত হয়েছে। তবে এবার দেশের কোন অংশের খাবার বিশ্ববাসীর মন জয় করে নিল, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই তালিকায় নাম উঠে এসেছে পশ্চিমবঙ্গের। বাঙালির মৎস্যপ্রেম এবার জায়গা করে নিল আন্তর্জাতিক ক্ষেত্রে। তাও আবার মাছের কোন পদ জানেন? বাঙালির প্রিয় চিংড়ির মালাইকারি।
ইন্টারন্যাশনাল ফুড ও ট্র্যাভেল গাইড টেস্টঅ্যাটলাস বিশ্বের সেরা চিংড়ির পদগুলির তালিকা প্রকাশ্যে এনেছে। আর সেখানেই বাঙালির ট্র্যাডিশনার চিংড়ির মালাইকারি সকলকে ছাপিয়ে এগিয়ে গিয়েছে। ১১ নম্বরে জায়গা করে নিয়েছে বাংলার এই মাছের পদ। বাংলার অতি পরিচিত চিংড়ির পদ 'চিংড়ি মাছের মালাইকারি' এখন বিশ্বসেরা সামুদ্রিক খাবারের তালিকায়। ভারত থেকে একমাত্র এই পদটিই জায়গা করে নিতে পেরেছে বিশ্বের সেরা সামুদ্রিক সব মাছের ব়্যাঙ্কিংয়ে।
চিংড়ির ৮০টি পদের মধ্যে বাংলার চিংড়ির মালাইকারি ১১ নম্বর স্থানে জায়গা পেয়েছে। এটাই একমাত্র ভারতীয় পদ, যা বিশ্বের দরবারে সমাদৃত। বাংলা ও বাঙালির আমিষ প্রেমের কথা উঠলেও, মাছের প্রতি বাঙালির টান সর্বদাই অন্যরকম। বিশ্বের যে প্রান্তেই তাঁরা থাকুক না কেন বাঙালির হেঁশেলে মাছ ঢুকবে না তা হতেই পারে না। তারওপর চিংড়ি মাছের প্রতি বাঙালির টান অন্যরকমের। যে কোনও উৎসব বা অনুষ্ঠানে কিংবা ঘরোয়া রান্নার ক্ষেত্রেও চিংড়ি মালাইকারি শো স্টপার বললে অত্যুক্তি হয় না।

চিংড়ি মাছ ও নারকেল দুধের যুগলবন্দি, এই পদের স্বাদ বাড়িয়েছে। ভারতীয় মশলা, সঙ্গে মিষ্টি মিষ্টি স্বাদ বাঙালির সঙ্গে সঙ্গে বিদেশীদেরও মন জয় করে নিয়েছে। টেস্টঅ্যাটলাস চিংড়ির মালাইকারিকে বর্ণনা করতে গিয়ে বলেছে, বাঙালির ঐতিহ্যবাহী চিংড়ির এই পদ, যা নারকেলের দুধে তৈরি এবং শেষে গরম মশলা ও সর্ষের তেল দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। বাংলায় নববর্ষ বা বিয়েবাড়ির অনুষ্ঠানে কিংবা রবিবারের বিশেষ মেনুতে এই চিংড়ির পদটা থাকে।
দেশভাগের আগে, অধুনা পূর্ববঙ্গে ঐতিহ্যগতভাবে নিরামিষ ভাবে আমিষ রান্না অর্থাৎ পেঁয়াজ এবং রসুন ছাড়া রান্না করা মাছের কদর ছিল। সেই রান্নাগুলির মধ্যে চিংড়ির মালাইকারি দারুণ জনপ্রিয় ছিল। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য এর কদর আরও বাড়ে। ব্রিটিশরা নরম টেক্সচার এবং কাঁটাবিহীন শাঁসের জন্য চিংড়িকে বেশি ভালবেসে ফেলেছিল। এরসাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকরণের মিলমিশ আরও স্বাদ বর্ধন করে এর। ব্রিটিশ অভিজাতদের জন্য উপযুক্ত ছিল এই চিংড়ির মালাইকারি।