চুনো মাছের রেসিপিচুনো মাছের মধ্যে পুঁটি, মৌরলা, কাচকির বিপুল কদর। খেতে যেমন লোভনীয়, তেমনি পুষ্টিকর! ছোট মাছ আকারে ছোট হলেও পুষ্টিতে কম নয়। প্রতি ১০০ গ্রাম ছোট মাছে আমিষের পরিমাণ ১৪-১৯ ভাগ থাকে। ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ থাকে, যা চোখের জ্যোতি বাড়ায়, রাতকানা রোগ প্রতিরোধ করে। জন্মের পর শিশুর শারীরিক বৃদ্ধিতে ভিটামিন ‘এ’, ‘ডি’, খনিজ নুনের প্রয়োজন হয়। এ জন্য স্তন্যদানকারী মায়েদের ছোট মাছ খেতে বলে। চুনো মাছের ভাজা, সাধারণ চচ্চড়ি তো অনেক খেয়েছেন! এবার স্বাদ বদলাতে বানিয়ে নিন কলাপাতায় ছোট মাছের চচ্চড়ি, রইল রেসিপি–
উপকরণ
পাঁচমিশালি ছোট মাছ আধ কেজি
পেঁয়াজকুচি ১ কাপ
রসুন বাটা ১ চা চামচ
শুকনো লঙ্কাবাটা দেড় টেবিল চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
ধনেগুঁড়ো আধ চা চামচ
চেরা কাঁচালঙ্কা ৫-৬টি
টমেটো কুচি আধ কাপ
নুন স্বাদমতো
ধনেপাতা কুচি
সর্ষের তেল
কলাপাতা
প্রণালী
মাছ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি বোলে পেঁয়াজকুচি, রসুনবাটা, শুকনা লঙ্কাবাটা, হলুদগুঁড়ো, ধনেগুঁড়ো-সহ সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিন।
একটি কলাপাতা পরিষ্কার করে ধুয়ে মুছে নিন। মাঝের মোটা অংশে ছুরি দিয়ে দাগ কেটে নিন। পাতাটি গ্যাসে বসিয়ে হালকা নরম করে নিন।
এবার কলাপাতার মধ্যে মশলায় মাখা মাছ পাতলা করে বিছিয়ে দিন। চারপাশ থেকে পাতা মুড়িয়ে, উপরে আরেকটা পাতা দিয়ে ঢেকে, টুথপিক ও সুতো দিয়ে ভালোভাবে বেঁধে দিন।
তাওয়ার উপর কলাপাতা মোড়া মাছ রেখে, ঢাকনা ঢেকে দিন। একদম কম আঁচে ১৫ মিনিটের জন্য রাখুন। এরপর উল্টে অন্যদিকটা আরও ১৫ মিনিট রাখুন। তৈরি কলাপাতায় চুনো মাছের চচ্চড়ি।