
নারকেলের পায়েস রেসিপি একমাসব্যাপী পবিত্র রমজান মাস (Ramadan) পালনের পর আসে মুসলমান ধর্মাবলম্বীদের (Muslim) প্রধান উৎসব খুশীর ইদ (Eid) বা ইদ উল-ফিতর (Eid Ul-Fitr)। এই উৎসব মিঠি ইদ নামেও পরিচিত। ইসলামী ক্যালেন্ডার (হিজরি) অনুযায়ী নবম মাসটি হল রমজান মাস। আর দশম মাস অর্থাৎ শাওয়ালের প্রথম দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয় ইদ।
ভারতবর্ষের সকলে মুসলমানরা মেতে ওঠেন বিশেষ এই উৎসবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবছরের ইদের কাউন্টডাউন। ইদ মানেই বিশেষ নামাজ, কোলাকুলি করে মোবারক জানানো সকলকে, নতুন জামাকাপড়, নাচ-গান, আড্ডা আর খাওয়া -দাওয়া। সব মিলিয়ে চুটিয়ে উপভোগ করেন এই উৎসব। চাঁদ রাত, অর্থাৎ একদিন আগে থেকেই বাড়িতে বাড়িতে শুরু হয়ে যায় রান্নাবান্না। ইদের একটি গুরুত্বপূর্ণ পদ হল সিমুই। তবে সিমুই তো খুব কমন। এর বদলে এই ইদে বানান নারকেলের পায়েস (Narkeler Payesh)। রইল রেসিপি।

উপকরণ
* দুধ- ১ লিটার
* ভেজানো গোবিন্দভোগ চাল- ১ কাপ
* এলাচ- ৪টি
* দারুচিনি- ৩ টুকরো
* নুন- স্বাদ মতো
* কোড়ানো নারকেল- ১ কাপ
* চিনি- ১ কাপ
* কিসমিস- পরিমাণ মতো

প্রণালী
* প্রথমে সসপ্যানে দুধ সামান্য গরম করে, গোবিন্দভোগ চাল দিয়ে নাড়তে থাকুন।
* এরপর এলাচ, দারুচিনি ও নুন যোগ করে নাড়তে থাকুন। চাল সেদ্ধ হলে নারকেল দিয়ে ভালভাবে মেশান।
* এরপর চিনি যোগ করে নাড়তে থাকুন। একটু ঘন হয়ে এলে, সবশেষে কিসমিস দিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে রাখুন।
* ঠান্ডা হলে পরিবেশন করুন মজাদার নারকেলের পায়েস।