নারকেল তেল দিয়েই ছোটখাটো আটকে যাওয়া চেন চালানোর চেষ্টা করা যায়।ব্যাগের চেন হঠাৎ আটকে গেল! কিংবা প্যান্টের জিপ এক জায়গায় গিয়ে আর নড়ছে না। বাইরে যাওয়ার তাড়া থাকলে এমন ঘটনা বেশ বিরক্তিকর। অনেকেই তখন জিপারটি ধরে জোরে টানাটানি শুরু করেন। আর তাতেই ছোট সমস্যা বড় আকার নেয়। চেনের দাঁত বেঁকে যেতে পারে। এমনকি চেনের মধ্যে আটকে থাকা কাপড় আরও শক্তভাবে ঢুকে যেতে পারে। ফলে প্রিয় জ্যাকেট, জিন্স কিংবা ব্যাগটি আর ব্যবহার করা হয়ে ওঠে না। পরে ঠিক করাব বলে সেটি আলমারির এক কোণে পড়ে থাকে। কিন্তু সব সময় এমন সমস্যার জন্য টেলরের দোকানে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে থাকা নারকেল তেল দিয়েই ছোটখাটো আটকে যাওয়া চেন চালানোর চেষ্টা করা যায়।
চেন আটকে গেলেও এটি করবেন না
চেন এক জায়গায় আটকে গেলে প্রথমেই জোরে টানবেন না। কারণ, টানতে গিয়ে চেনের দাঁত বেঁকে যেতে পারে। আবার চেনের ভিতরে কাপড় বা সুতো আটকে থাকলে সেটিও ছিঁড়ে যেতে পারে।
তাই প্রথমে ভাল করে দেখে নিন, চেনের দাঁতের মাঝে কোনও কাপড়, সুতো কিংবা ব্যাগের ভিতরের আস্তরণের অংশ আটকে রয়েছে কি না। কিছু আটকে থাকলে খুব ধীরে সেটি বের করুন।
চেনের দাঁতে ধুলো বা ময়লা জমে থাকলেও জিপার আটকে যেতে পারে। সে ক্ষেত্রে নরম ব্রাশ বা শুকনো কাপড় দিয়ে চেনটি পরিষ্কার করে নিন।
নারকেল তেলই 'কাফি হ্যায়'!
চেনের স্লাইডার যখন দাঁতের উপর দিয়ে চলাচল করে, তখন ঘর্ষণ হয়। চেন শুকনো বা ময়লা হলে এই ঘর্ষণ বেড়ে গিয়ে স্লাইডার আটকে যেতে পারে।
সামান্য নারকেল তেল চেনের দাঁতের উপর লাগালে পিচ্ছিলভাব তৈরি হয়। এতে ঘর্ষণ কিছুটা কমতে পারে। স্লাইডারকে সহজ নাড়ানো যাবে।
তবে এর অর্থ এই নয় যে চেনের উপর ঢেলে ঢেলে তেল দিতে হবে। বরং খুব অল্প পরিমাণ তেলই যথেষ্ট।
চেন ছাড়াতে যা যা করবেন
১. আগে চেনটি পরীক্ষা করুন
প্রথমে চেনের মধ্যে কোনও কাপড়, সুতো বা আস্তরণ আটকে আছে কি না দেখুন। থাকলে হাত দিয়ে ধীরে ধীরে বের করুন। চেনের দাঁতে ময়লা জমে থাকলে নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করুন।
২. সামান্য নারকেল তেল দিন
আঙুলের ডগা বা কটন বাডে অল্প নারকেল তেল নিন। তার পর চেনের দাঁতের উপর খুব পাতলা করে লাগিয়ে দিন। যতটা সম্ভব তেল শুধু চেনের অংশেই রাখুন। পোশাক বা ব্যাগের কাপড়ে যাতে না লাগে, সে দিকে নজর দিন।
৩. জিপার ধরে আস্তে আস্তে নাড়ুন
তেল লাগানোর পর সঙ্গে সঙ্গে জোরে টান দেবেন না। স্লাইডারটিকে ধীরে ধীরে সামনের দিকে এবং পিছনের দিকে নাড়ানোর চেষ্টা করুন। তেল চেনের দাঁতের মধ্যে ছড়িয়ে পড়লে ঘর্ষণ কমতে পারে। প্রয়োজন হলে সামান্য আরও তেল দেওয়া যেতে পারে।
যদি তাতেও চেন না খোলে?
নারকেল তেল দেওয়ার পরও চেন আটকে থাকলে বারবার টানাটানি করবেন না। কারণ, সমস্যাটি শুধু ঘর্ষণের জন্য নাও হতে পারে।
চেনের দাঁত বেঁকে গেলে, স্লাইডার ক্ষতিগ্রস্ত হলে কিংবা কাপড় চেনের মধ্যে শক্তভাবে আটকে গেলে বেশি জোর করলে জিনিসটি আরও নষ্ট হতে পারে।
প্রয়োজনে চিমটি দিয়ে আটকে থাকা সুতো বার করার চেষ্টা করা যায়। নরম ব্রাশ দিয়েও ময়লা পরিষ্কার করা যেতে পারে। কিন্তু দাঁত বেঁকে গেলে বা চেনের কোনও অংশ ভেঙে গেলে বাড়িতে জোর করে সারানোর চেষ্টা না করে দর্জির সাহায্য নেওয়াই ভাল।
নারকেল তেল ব্যবহারের সময় সাবধান
চেন সচল করার জন্য যতটা প্রয়োজন, তার বেশি তেল ব্যবহার করবেন না। অতিরিক্ত তেল পোশাকে লাগলে দাগ হয়ে যেতে পারে।
তাই প্রথমে খুব অল্প তেল ব্যবহার করুন। কাজ হয়ে গেলে চেনের উপর অতিরিক্ত তেল থাকলে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।