বিছানার চাদর বিছানার চাদরে সামান্য ময়লা বা দাগ লাগলেই কি আপনি তা ধুয়ে ফেলার জন্য লন্ড্রিতে পাঠান বা কাচতে শুরু করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এবার সেই অভ্যাসে বদল আনার সময় এসেছে। লন্ড্রি বিশেষজ্ঞদের মতে, চাদরে একটু ঘাম বা ধুলো লাগলেই তা রোজ রোজ কাচার কোনও প্রয়োজন নেই। কয়েকটি সহজ কৌশল জানা থাকলে না ধুয়েও বিছানার চাদর দীর্ঘদিন পরিষ্কার, সুগন্ধি এবং একেবারে নতুনের মতো রাখা সম্ভব। এতে চাদরের আয়ুও বাড়ে।
কীভাবে বিছানার চাদর সতেজ রাখবেন? জেনে নিন বিশেষজ্ঞদের বাতলে দেওয়া ৬টি দারুণ টিপস:
দাগ লাগলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করুন: চাদরে চা, কফি বা খাবারের দাগ লাগলে তা শুকোনোর জন্য ফেলে রাখবেন না। দাগ যত পুরনো হবে, কাপড়ে তা তত বেশি বসে যাবে। তাই বাড়িতে সব সময় একটি ভাল 'স্পট ক্লিনার' রাখুন এবং দাগ লাগা মাত্রই শুধু ওই নির্দিষ্ট জায়গাটি পরিষ্কার করে নিন। পুরো চাদর ধোয়ার প্রয়োজন পড়বে না।
একাধিক চাদর ঘুরিয়ে-ফিরিয়ে পাতুন: রোজ একই চাদর ব্যবহার করলে তা দ্রুত পুরনো হয়ে যায় এবং সুতো আলগা হতে থাকে। তাই অন্তত ২-৩ জোড়া চাদর হাতের কাছে রাখুন এবং সেগুলি ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করুন। এতে চাদর অনেক দিন পর্যন্ত ভাল থাকে।
ফ্ল্যাট শিট ব্যবহার করুন: আপনি যদি লেপ বা ড্যুভে গায়ে দিয়ে ঘুমোন, তবে তার ঠিক নীচে একটি পাতলা ফ্ল্যাট শিট বিছিয়ে নিন। এর ফলে আপনার শরীরের ঘাম বা ময়লা সরাসরি ড্যুভের কভারে লাগবে না এবং বারবার সেটি কাচার ঝক্কিও পোহাতে হবে না।
পোষ্যদের জন্য আলাদা ব্যবস্থা: আপনার আদরের কুকুর বা বিড়ালটি যদি আপনার সঙ্গেই বিছানায় ঘুমায়, তবে তাদের জন্য বিছানার এক পাশে একটি আলাদা হালকা কম্বল বা চাদর বিছিয়ে দিন। এর ফলে পোষ্যের লোম বা ধুলোবালি আপনার চাদরকে সরাসরি নোংরা করতে পারবে না।
বালিশের কভার ঘন ঘন বদলান: চাদরের চেয়ে বালিশের কভার অনেক বেশি দ্রুত নোংরা হয়। কারণ, সারা রাত এতে আমাদের মুখের তেল, ঘাম এবং চুলের ময়লা লাগে। তাই বিছানার চাদর যতদিনই পাতা থাকুক না কেন, বালিশের কভার তার দ্বিগুণ বার বদলে নেওয়া উচিত।
ঘরে হাওয়া চলাচল ও ফ্যাব্রিক ফ্রেশনার: প্রতিদিন সকালে অন্তত কিছুক্ষণের জন্য ঘরের জানলা খুলে দিন যাতে পর্যাপ্ত তাজা বাতাস ঢুকতে পারে। এর পাশাপাশি বিছানার চাদরে হালকা সুগন্ধিযুক্ত কোনও ফ্যাব্রিক ফ্রেশনার স্প্রে করে নিতে পারেন। এতে চাদরের গুমোট গন্ধ কেটে গিয়ে একটা সতেজ ভাব বজায় থাকে।
কবে পুরনো চাদর বাতিল করবেন?
বিশেষজ্ঞদের মতে, রোজকার ব্যবহারের চাদরগুলো মোটামুটি ২ বছর পর বদলে ফেলা উচিত। তবে যেসব চাদর কেবল বিশেষ অনুষ্ঠানে বা অতিথি এলে পাতা হয়, সেগুলি সঠিক যত্নে আরও অনেক বছর অনায়াসেই ব্যবহার করা যায়।