আলুর পাঁপড় আলু ছাড়া কোনও সবজির স্বাদই ঠিক খোলে না। রান্নাঘরের ভীষণ গুরুত্বপূর্ণ সবজি হল আলু। এই একটা সবজি দিয়েই বহু পদ তৈরি করা যায়। বাঙালির কাছে আলু মানেই আলুর চপ, আলু ভাজা, আলুর দম, আলুর তরকারি, আলুর চিপস। তবে বাজারে আলুর পাঁপড়ও পাওয়া যায়, যা বাড়িতে এনে ভেজে বা সেঁকে খেতে হয়। কিন্তু বাজার থেকে না কিনে যদি বাড়িতেই তৈরি করা যায় আলুর পাঁপড়, তাহলে কেমন হয়? আসুন জেনে নিন কীভাবে সহজেই আলুর পাঁপড় তৈরি করবেন।
উপকরণ
বড় আকারের আলু ১ কিলো (নতুন আলু)
নুন বা সৈন্ধব নুন বড় চামচ
বেকিং সোডা হাফ ছোট চামচ
লাল লঙ্কার গুঁড়ো ১ ছোট চামচ (পাঁপড়ের জন্য)
জিরে ১টা ছোট চামচ (পাঁপড়ের জন্য)
মিহি করে কাটা ধনেপাতা ২ বড় চামচ
তেল ১টা বড় চামচ (হাতে লাগানোর জন্য)
কীভাবে বানাবেন
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার সেটা ভাল করে হাত দিয়ে চটকে মেখে নিন।
এবার মাখা আলুর মধ্যে নুন, জিরে, লাল লঙ্কার গুঁড়ো, ধনেপাতা ও একটু তেল দিয়ে ভাল করে আটার মতো মেখে নিন।
এবার আলুর মিশ্রণ থেকে ছোট ছোট লেচি কেটে নিন। একটি প্লাস্টিকের শিটে তেল লাগিয়ে নিন আর তার ওপরে লেচিগুলো রেখে ওপর থেকে আরও একটি প্লাস্টি চেপে কোনও ভারী প্লেট দিয়ে চেপে চেপে গোল পাঁপড় বানান।
এই পাঁপড়গুলোকে রোদে ১ দিনের জন্য শুকিয়ে নিন।
রোদে শুকিয়ে নেওয়ার পর এই পাঁপড়গুলোকে এয়ারটাইট পাত্রে রেখে বছরভর স্টোর করে রাখতে পারেন এবং যখন মন চাইবে সেঁকা বা তেলে ভেজে খেতে পারবেন।