ডিম তড়কার রেসিপিগরম গরম রুটির সঙ্গে তড়কা খেতে ভালোবাসেন না এমন মানুষ কমই রয়েছেন। কোথাও ঘুরতে গেলে কোনও ধাবাতে দাঁড়িয়ে রুটি-তড়কা খাননি এটা তো হতে পারে না। উত্তর ভারত তথা পাঞ্জাবিদের এই খাবার দেশের অধিকাংশ রাজ্যেই বেশ জনপ্রিয়। সাধারণ তড়কাকে আবার অসাধারণ করে দেয়, এতে ডিম পড়লে। ডিম তড়কা আর গরম রুটি, সঙ্গে পেঁয়াজ-কাঁচালঙ্কা, রাতের খাবার যেন আরও জমে যায়। ধাবায় বা রেস্তোরাঁয় গিয়ে এই পদ খুঁজে থাকেন অনেকেই। অনেকসময় আবার রাতে রান্না করতে ভাল না লাগলে ভরসা দোকানের রুটি ও তড়কা। তবে ধাবা স্টাইল ডিম তড়কা এবার বাড়িতেই হতে পারে সহজেই। তাহলে জেনে নিন ডিম তড়কার রেসিপি।
উপকরণ
তড়কা ডাল (বাজারেই পাওয়া যায়)। না পেলে সবুজ মুগ ডাল ও ছোলার ডাল মিশিয়ে করতে পারেন।
ডিম ২-৩টে
আদা-রসুন বাটা
পেঁয়াজ কুচি
টমেটো কুচি
ধনে গুঁড়ো
জিরে গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
কসৌরি মেথি
গরম মশলা
ধনেপাতা কুচি
নুন
তেল
প্রণালী
সবার প্রথমে রান্না করার ৩-৪ ঘণ্টা আগে তড়কা ডাল ভিজিয়ে রাখুন। তারপর প্রেসার কুকারে এই ডালের সঙ্গে জল,নুন ও সামান্য হলুদ দিয়ে ভাল করে সেদ্ধ করে নিন।
অন্যদিকে কড়াইয়ে তেল গরম করতে দিন। তারপর এতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, বেটে রাখা আদা ও রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে নিন। এবার তাতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো মেশান। মশলা কষানোর সময়, সামান্য জল যোগ করুন।
অন্য একটি পাত্রে দু'টি ডিম ফেটিয়ে তাতে সামান্য নুন দিন। এবং এটি ভেজে ঝুরি বানিয়ে নিন। এবার তা ওই কষানো মশলার মধ্যে মিশিয়ে দিন। আরও কিছুক্ষণ নাড়ুন।
এবার তাতে ওই সেদ্ধ করে নেওয়া তড়কা ডাল মেশান। ভালভাবে কিছুক্ষণ মশলার সঙ্গে এটি মেশান। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রাখুন এভাবে।
তারপর উপর থেকে কসৌরি মেথি ও ধনেপাতা কুচি ছড়িয়ে আঁচ বন্ধ করে দিন। ডিনারে রুটি বা পরোটার সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।