আলুর চিপস বাড়িতেইবিকেলের চা কিংবা কফি, অথবা শিশুদের মুখরোচক খাবারের তালিকায় চিপস সবার আগে থাকে। প্যাকেটের চিপস খেতে আট থেকে আশি সকলেই পছন্দ করেন। কিন্তু বাজারের সেই চিপসে ব্যবহৃত তেল ও প্রিজারভেশন একেবারে ভাল নয় স্বাস্থ্যের জন্য। তাই বাজার থেকে চিপস না কিনে ঘরে থাকা আলু দিয়েই তৈরি করে নিন ক্রিস্পি, মুচমুচে ও ঝাল ঝাল চিপস। রোদে না শুকিয়েই এই চিপস সহজেই তৈরি করা যাবে। আসুন জেনে নিন কীভাবে সহজেই চিপস তৈরি করবেন।
আলু চিপসের জন্য যা যা লাগবে
৩-৪টে বড় আকারের আলু (নতুন আলু হলে ভাল)
১টা ছোট চামচ চাট মশলা
হাফ ছোট চামচ লাল লঙ্কার গুঁড়ো (বা গোলমরিচের গুঁড়ো)
স্বাদানুসার নুন
বরফ ঠান্ডা জল
বানানোর পদ্ধতি
আলুর খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। এবার স্লাইসর দিয়ে আলু একেবারে পাতলা পাতলা করে কেটে নিন।
আলুর এই স্লাইসগুলোকে ৫ মিনিটের জন্য বরফ জলে ভিজিয়ে রাখুন। এরপর জল থেকে বের করে শুকনো কাপড়ে বিছিয়ে নিন। পুরো শুকনো করে নিতে হবে।
এরপর কড়াইতে ভাল করে সাদা তেল গরম করে নিন। এবার আঁচ মাঝারি করে এক এক করে আলুর স্লাইসগুলো দিন।
মাঝারি আঁচেই আলুর চিপসগুলো ভাল করে সোনালি ও কুরকুরে না হওয়া পর্যন্ত ভেজে নিন।
তেল থেকে আলুর চিপস বের করে টিস্যু পেপারের ওপর রাখুন। এরপর এতে চাট মশলা, লঙ্কার গুঁড়ো ও নুন মিশিয়ে নিন।
তৈরি আপনার ঘরোয়া আলুর চিপস। চাইলে এটা আপনি এয়ার টাইট পাত্রে রেখে সংরক্ষণ করতেও পারেন।