বিরিয়ানি মশলার রেসিপিবিরিয়ানি। নামটা শুনলেই জিভে জল চলে আসবে। আর এই মোঘলাই খানা প্রায় সকলেরই প্রিয়। ভারতে সবচেয়ে বেশি যে খাবারটি খাওয়া হয়, তা হল বিরিয়ানি। চিকেন-মাটন, ডিম, এমনকী আলু বিরিয়ানির চাহিদাও নেহাত কম নয়। খাবারের অ্যাপগুলিতেও সবচেয়ে বেশি অর্ডার করা হয় এই বিরিয়ানি। তবে ভারতের আলাদা আলাদা জায়গায় বিরিয়ানি তৈরি করার পদ্ধতিও ভিন্ন হয়।
বাড়িতেও অনেকে বিরিয়ানি তৈরি করে থাকেন। তবে যতই বাড়িতে বানানো হোক না কেন, কিছুতেই রেস্তোরাঁর মতো বিরিয়ানির স্বাদ আসে না। আসলে বিরিয়ানির পুরো স্বাদ নির্ভর করে এর মশলার ওপরে। আর এই মশলা বাড়িতে তৈরি করে সংরক্ষণ করে রাখা যায়। আসুন শিখে নিন বাড়িতে কীভাবে বিরিয়ানি মশলা তৈরি করবেন এবং তা সংরক্ষণ করে রাখবেন। শেফ রণবীর ব্রারের এই বিরিয়ানি মশলার রেসিপি খুবই সহজ। আসুন শিখে নিন।
কী কী লাগবে
১০ গ্রাম গোটা ধনে, ৫ গ্রাম জিরে, ১৫ গ্রাম গোটা গোলমরিচ, ২ গ্রাম জয়িত্রি, ২ গ্রাম এলাচ, ১ গ্রাম লবঙ্গ, ১ গ্রাম দারুচিনি, ৪-৬টি তেজপাতা, নুন।
পদ্ধতি
সবার আগে প্যানে গোটা ধনে ভাল করে ভাজুন। এরপর সেই প্যানে এক এক করে জিরে, গোলমরিচ, জয়িত্রি ও ছোট-বড় এলাচ দিয়ে ভাজতে শুরু করুন। এরপর বাকি মশলাগুলো ২০ সেকেন্ড ধরে শুকনো খোলায় ভেজে নিন আর সব মশলাগুলোকে ঠান্ডা করে নিন।
বিরিয়ানি মশলায় শাহী স্বাদ যোগ করার জন্য আপনি এতে গোলাপের পাপড়ি ড্রাই রোস্ট করে ওই মশলায় মিশিয়ে দিন। এরপর এই সব মশলাগুলোকে মিক্সিতে দিয়ে ভাল করে পিষে এর পাউডার তৈরি করে নিন এবং আপনার বিরিয়ানি মশলা তৈরি।
বিরিয়ানি মশলা যে কোনও এয়ার টাইট কৌটোতে ভরে দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই বিরিয়ানি তৈরি করবেন এই মশলা ব্যবহার করুন। বিরিয়ানির স্বাদ হবে একেবারে রেস্তোরাঁর মতো।