দই কাতলার রেসিপিএই নাম শুনলেই বাঙালির চোখে ভেসে ওঠে বিয়ে বাড়ির ভুরিভোজ, বড় কড়াইতে ফুটন্ত ঘন ঝোল আর সুগন্ধে ভরে থাকা রান্নাঘর। কিন্তু বাড়িতে একই স্বাদের দই কাতলা বানাতে গিয়ে অনেকেই হাল ছেড়ে দেন। মনে হয় কী যেন একটা মিস হচ্ছে! আসুন, এবার বিয়েবাড়ির ঠাকুরের স্টাইলেই বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির মতই দই কাতলা। এই রেসিপিটি আপনার রান্নাঘরের গর্ব হয়ে উঠবে।
কী কী লাগবে
- টক দই – ১ কাপ (ভালো করে ফেটানো)
- পেঁয়াজ বাটা – ৩ টেবিলচামচ
- আদা-রসুন বাটা – ২ টেবিলচামচ
- কাজু-চারমগজ বাটা – ২ টেবিলচামচ
- নারকেল বাটা – ২ টেবিলচামচ
- গোটা গরম মশলা – তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ
- ঘি – ২ টেবিলচামচ
- সরষের তেল – পরিমাণমতো
- কাঁচা লঙ্কা – ৪-৫টি
- গরম মশলার গুঁড়ো – ১ চা চামচ
- নুন, হলুদ – স্বাদমতো
রান্নার পদ্ধতি
প্রথমে কাতলা মাছগুলো ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখুন ১০ মিনিট। তারপর কড়াইতে সাদা তেল গরম করে মাছ হালকা ভেজে তুলে রাখুন। খুব কড়া করে ভাজবেন না।
একই তেলে ১ টেবিলচামচ ঘি দিয়ে দিন। এরপর ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ দিন। এবার পেঁয়াজ বাটা দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষান যতক্ষণ না তা লালচে হয়।
পেঁয়াজ ভাজা হলে তাতে দিন আদা-রসুন বাটা। কষে নিন। তারপর একে একে কাজু-চারমগজ এবং নারকেল বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এই মিশ্রণে ফেটানো টক দই ঢেলে ভালো করে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন, দই যেন ফেটে না যায়। অল্প আঁচে রান্না করবেন।
মশলা তেল ছেড়ে এলে তাতে হালকা ভাজা মাছগুলো দিন। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখুন ৫-৭ মিনিট।
ঢাকনা খুলে মাছগুলো উলটে দিন। আবার ঢেকে দিন আরও ৩ মিনিট। শেষে কাঁচা লঙ্কা ফালি, ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রাখুন ৫ মিনিট।
গরম গরম বাসমতী চালের ভাতের সঙ্গে পরিবেশন করুন
টিপস
- দই সবসময় ভালো করে ফেটিয়ে নেবেন, তা হলে ফাটবে না
- মাছের সঙ্গে দই একবারে না মিশিয়ে অল্প অল্প করে মেশান
- নারকেল ও চারমগজ দিলে ঝোল ঘন ও মুচমুচে হবে