How to clean air cooler: ১০ মিনিটে কুলার পরিষ্কারের টিপসAir cooler cleaning tips in 10 minutes: ক্রমশ আকাশছোঁয়া পারদ আর ঘামাচি মারা গরমে যাঁদের ভরসা এয়ার কুলার, তাঁদের এক বড় দুশ্চিন্তা হলো যন্ত্রটি থেকে বেরোনো ভ্যাপসা গন্ধ। অনেক সময় কুলারের জল পাল্টানোর পরেও ঘরজুড়ে এক অদ্ভুত পচাটে গন্ধ ছড়িয়ে পড়ে। ফলে ঠান্ডার বদলে অস্বস্তিই বাড়ে বেশি। কিন্তু সামান্য কিছু ঘরোয়া টোটকা জানলে মাত্র ১০ মিনিটেই এই সমস্যার সমাধান সম্ভব। কুলার পরিষ্কার রাখার পাশাপাশি তা থেকে সুগন্ধ বের করার সহজ উপায় এখন আপনার হাতের মুঠোয়।
কুলারের দুর্গন্ধের প্রধান কারণ হলো এর ভেতরে জমে থাকা পুরনো জল এবং ঘাসের প্যাডে জন্মানো ছত্রাক বা শ্যাওলা। তাই গন্ধ তাড়াতে সবার আগে কুলারের পুরনো জল ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিন। পরিষ্কার জলে এক কাপ সাদা ভিনিগার অথবা দু’চামচ বেকিং সোডা মিশিয়ে দিতে পারেন। এই মিশ্রণটি কুলারের ভেতরে থাকা ব্যাকটিরিয়া মেরে ফেলে এবং দুর্গন্ধ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে।
যাঁরা ঘরকে সুগন্ধি রাখতে চান, তাঁদের জন্য পারফিউম বা রুম ফ্রেশনারের চেয়ে প্রাকৃতিক নির্যাস বেশি কার্যকরী। কুলারের জলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল (যেমন ল্যাভেন্ডার বা লেমনগ্রাস) মিশিয়ে দিন। এর ফলে কুলার চললে ঘর শুধু ঠান্ডাই হবে না, স্নিগ্ধ সুগন্ধে ভরে উঠবে। যদি এসেনশিয়াল অয়েল না থাকে, তবে জলে সামান্য গোলাপ জল বা লেবুর রস মিশিয়ে দিলেও চমৎকার ফল পাওয়া যায়।
কুলারের পেছনের ঘাসের জাল বা ‘কুলিং প্যাড’গুলি নির্দিষ্ট সময় অন্তর পরিষ্কার করা জরুরি। অনেক সময় ধুলোবালি জমে জল পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়। সপ্তাহে অন্তত একদিন ব্রাশ দিয়ে এই প্যাডগুলি পরিষ্কার করলে বাতাসের মান উন্নত হয়। মনে রাখবেন, কুলারের জল প্রতিদিন পাল্টানো শুধু গন্ধ দূর করতেই নয়, ডেঙ্গি-ম্যালেরিয়ার মতো মশা বাহিত রোগ আটকাতেও সমান জরুরি। এই সামান্য সচেতনতাটুকু বজায় রাখলে আপনার গ্রীষ্মকালীন আরাম হবে আরও মনোরম।