ডেঙ্গি টিকা ভারতে ডেঙ্গি প্রতিরোধে বড় পদক্ষেপ। Takeda Biopharmaceuticals India Pvt. Ltd.-এর ডেঙ্গি টিকা QDENGA-কে বাজারজাত করার অনুমোদন দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI)। New Drugs and Clinical Trials (NDCT) Rules, 2019-এর CT-20 বিধির আওতায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
সংস্থার দাবি, QDENGA-ই ভারতের প্রথম অনুমোদিত ডেঙ্গি টিকা। এটি ৪ থেকে ৬০ বছর বয়সীদের জন্য ব্যবহার করা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই টিকা নেওয়ার আগে কারও আগে ডেঙ্গি হয়েছিল কি না, তা জানার প্রয়োজন নেই। অর্থাৎ প্রি-ভ্যাকসিনেশন টেস্টিং ছাড়াই এই টিকা দেওয়া যাবে।
সংস্থার মতে, ভারতে ডেঙ্গি এখনও বড় জনস্বাস্থ্য সমস্যা। বিশ্বের ১২৫টিরও বেশি দেশে ডেঙ্গির প্রকোপ রয়েছে এবং বিশ্বে ডেঙ্গির মোট বোঝার প্রায় এক-তৃতীয়াংশই ভারতের। ২০২৫ সালে দেশে ১ লক্ষ ১৩ হাজারের বেশি ডেঙ্গি আক্রান্তের খবর সরকারি ভাবে নথিভুক্ত হলেও, বিভিন্ন মডেলিং বিশ্লেষণে প্রকৃত সংক্রমণের সংখ্যা প্রতি বছর কয়েক কোটি হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
কীভাবে কাজ করবে QDENGA?
QDENGA একটি টেট্রাভ্যালেন্ট লাইভ-অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, যা ডেঙ্গি ভাইরাসের ৪টি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দেওয়ার জন্য তৈরি। টিকাটি ০.৫ মিলিলিটারের দুটি ডোজে দেওয়া হবে এবং দু'টি ডোজের মধ্যে ৩ মাসের ব্যবধান থাকবে। এটি সাবকিউটেনিয়াস (ত্বকের নীচে) ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হবে।
WHO-এর সুপারিশ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ডেঙ্গি-প্রবণ এলাকায় QDENGA ব্যবহারের সুপারিশ করেছে। সংস্থাটি জানিয়েছে, উচ্চ সংক্রমণপ্রবণ এলাকায় প্রি-ভ্যাকসিনেশন স্ক্রিনিং ছাড়াই এই টিকা জাতীয় টিকাকরণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এছাড়াও QDENGA WHO-এর প্রি-কোয়ালিফিকেশন পেয়েছে, যা এর গুণমান, নিরাপত্তা ও কার্যকারিতার আন্তর্জাতিক মান পূরণের স্বীকৃতি। ফলে UNICEF ও PAHO-এর মতো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এই টিকা সংগ্রহ ও বিতরণের সুযোগ তৈরি হয়েছে।
বর্তমানে ভারত-সহ ৪৩টি দেশে QDENGA অনুমোদিত। এশিয়া, লাতিন আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ্যেই ৩ কোটি ২০ লক্ষেরও বেশি ডোজ বিতরণ করা হয়েছে। ব্রাজিলের জাতীয় টিকাকরণ কর্মসূচিতে এই টিকা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার সরকারি কর্মসূচিতেও এটি ব্যবহৃত হচ্ছে।
কী বলছে Takeda?
Takeda-র Head of Intercontinental Markets ড. মহেন্দ্র নায়ক বলেন, সাত বছরের তথ্য অনুযায়ী QDENGA চারটি ডেঙ্গি সেরোটাইপের বিরুদ্ধেই সংক্রমণ ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমাতে ধারাবাহিক সুরক্ষা দিয়েছে। ২০২২ সালে বাজারে আসার পর ৪৩টি দেশে অনুমোদন এবং ৩ কোটি ২০ লক্ষের বেশি ডোজ বিতরণ হয়েছে। তাঁর মতে, ভারতে এই অনুমোদন ডেঙ্গি প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
Takeda-র General Manager, Southeast Asia and India Cluster পিটার স্ট্রাইবল বলেন, ডেঙ্গি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি যৌথ চ্যালেঞ্জ। তাই সরকার, জনস্বাস্থ্য সংস্থা, চিকিৎসক এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে সমন্বয় করে শুধু QDENGA-র প্রাপ্যতাই নয়, ডেঙ্গি নজরদারি, সচেতনতা, মশা নিয়ন্ত্রণ এবং জনসম্পৃক্ততার ক্ষেত্রেও সংস্থা কাজ করবে।
Medical Affairs Head, Southeast Asia & India Cluster ড. গোহ চু বেং জানান, ভারতে ডেঙ্গি ভাইরাসের চারটি সেরোটাইপই বিভিন্ন অঞ্চলে একসঙ্গে ছড়িয়ে রয়েছে। QDENGA এই চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দেওয়ার জন্য তৈরি এবং আগে ডেঙ্গি হয়েছিল কি না, তার উপর এর ব্যবহার নির্ভর করে না।
কোন তথ্যের ভিত্তিতে অনুমোদন?
ভারতে QDENGA-র অনুমোদন Takeda-র বৈশ্বিক ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে। ফেজ ১, ২ এবং ৩ মিলিয়ে মোট ১৯টি ক্লিনিক্যাল ট্রায়ালে বিশ্বের বিভিন্ন ডেঙ্গি-প্রবণ ও অ-প্রবণ অঞ্চলের ২৮ হাজারের বেশি অংশগ্রহণকারী ছিলেন।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ফেজ-৩ TIDES (DEN-301) ট্রায়াল, যেখানে ৮টি দেশের ২০ হাজারের বেশি অংশগ্রহণকারীকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হয়।
দ্বিতীয় ডোজের ১২ মাস পরে টিকাটি ভাইরোলজিক্যালি কনফার্মড ডেঙ্গির বিরুদ্ধে ৮০.২ শতাংশ কার্যকারিতা দেখায়। ১৮ মাস পরে ডেঙ্গিজনিত হাসপাতালে ভর্তি প্রতিরোধে ৯০.৪ শতাংশ কার্যকারিতা পাওয়া যায়। সাড়ে ৪ বছর পরে ডেঙ্গি রোগীদের হাসপাতালে ভর্তি রোধে কার্যকারিতা ছিল ৮৪.১ শতাংশ। এছাড়া ৭ বছর পর্যন্ত টিকার নিরাপত্তা ও কার্যকারিতার ইতিবাচক ফল পাওয়া গিয়েছে বলে সংস্থার দাবি।
ভারতের ৪–৬০ বছর বয়সী অংশগ্রহণকারীদের নিয়ে পরিচালিত ফেজ-৩ DEN-302 ট্রায়ালেও টিকাটি নিরাপদ, সহনীয় এবং পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম বলে দেখা গিয়েছে।
Takeda জানিয়েছে, DCGI-এর অনুমোদনের পর ভারতীয় নিয়ন্ত্রক সংস্থা, জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে দেশে QDENGA-র পরিকল্পিত সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাবে।