ভাত নাকি রুটিএই গরমে যখন হালকা খাবারের দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ, তখনই প্রশ্ন জাগে যে ভাত না রুটি (Rice vs Roti)? কী খেলে সুবিধা পাবেন? সাধারণত টক দই আর মরসুমি ফল-সব্জিই এই গরমের আদর্শ খাবার। তরমুজ, শসা, বেলের শরবত বা ঘোলের কোনও বিকল্প নেই। পাতে যে ডাল-তরকারিই থাকুক না কেন, সঙ্গে রুটি বা ভাত থাকবেই। আর এখানেই বেশিরভাগ মানুষের প্রশ্ন: গরমে রুটি খাওয়া ভালো নাকি ভাত? কোনটা শরীরকে বেশি ঠান্ডা রাখে?
কোন খাবারে বেশি পুষ্টি?
ভাত ও রুটি দু’টোই পুষ্টিকর। ভাতের মধ্যে ফাইবার, ভিটামিন বি, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়রনের মতো একাধিক উপাদান রয়েছে। এ ছাড়া ভাতের মধ্যে কার্বোহাইড্রেটও রয়েছে। ভাতের তুলনায় রুটির মধ্যে ফাইবারের মাত্রা বেশি। তা ছাড়া রুটিতে ফোলেট, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম, পটাশিয়ামের মতো উপাদান রয়েছে। সুতরাং, রুটিও ভাতের চেয়ে কোনও অংশে কম নয়।
পেটের সমস্যা
গরমে পেটের সমস্যা খুব বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পেটের সমস্যা থাকলে তাই বেশি মশলাদার খাবার এড়িয়ে চলাই ভাল। সে কারণে এমন হলে রুটি এড়িয়ে চলাই ভাল। কারণ ভাত সহজপাচ্য এবং পেট ঠান্ডা রাখে। এ ছাড়া গরমকালে পান্তা ভাতের মতো আদর্শ খাবার খুব কমই রয়েছে। পান্তা ভাত খেলে পেটের গণ্ডগোল থেকে মুক্তি মেলে এবং শরীরও ঠান্ডা থাকে।
তা হলে কি গরমে রুটি খাবেন না?
ভাতে জলীয় উপাদানের পরিমাণ বেশি। তাই গরমে ভাত খাওয়ার পর বেশি তৃপ্তি হয়। তবে গরমে যে রুটি খাওয়া যাবে না, এমনটা নয়। বরং, একবেলা রুটি খেতেই পারেন। এ ছাড়া ডায়াবিটিস ও কোষ্ঠকাঠিন্যের থাকলে রুটি খাওয়াই ভালো। তবে পরিমিত মাত্রায় ভাত খেলেও ক্ষতি নেই। এ ছাড়া রুটির সঙ্গে মরসুমি সব্জির তরকারি রাখতে পারেন। আবার ভাতের সঙ্গে দইও খেতে পারেন। দুই খাবারই এই গরমে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যায়।