আলু সেদ্ধ জল বাঙালি বাড়িতে আলু সেদ্ধ তো প্রায় রোজকার ব্যাপার। কিন্তু আলু সেদ্ধ করার পর সেই জলটা আমরা সাধারণত কী করি? না ভেবে চিন্তেই বেসিনে ঢেলে দিই। তাই তো? কিন্তু আপনি কি জানেন, যে জলটাকে আপনি সম্পূর্ণ বাতিল বলে ফেলে দিচ্ছেন, তা আসলে গৃহস্থালির একটি অত্যন্ত ঝক্কির কাজকে নিমেষে সহজ করে দিতে পারে? আলু সেদ্ধ করা এই জলে থাকে প্রচুর পরিমাণে স্টার্চ, যা মুশকিল আসান করতে দারুণ কার্যকর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ঘরোয়া টোটকা বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আলু সেদ্ধ করা এই ফেলে দেওয়া জল দিয়েই কালচে হয়ে যাওয়া রুপোর গয়না বা বাসনপত্রের হারানো জেল্লা ফিরিয়ে আনা সম্ভব। সবচেয়ে মজার বিষয় হল, এর জন্য বাজার চলতি কোনও দামি সিলভার ক্লিনার বা কড়া রাসায়নিকের বিন্দুমাত্র প্রয়োজন নেই। রুপোর পুরনো, জৌলুসহীন গয়না বা বাসনপত্র কীভাবে এই জলের ছোঁয়ায় ফের নতুনের মতো ঝকঝকে হয়ে উঠতে পারে, জেনে নিন।
কীভাবে কাজ করে এই ঘরোয়া ম্যাজিক?
আলু সেদ্ধ করা জলে ভরপুর মাত্রায় স্টার্চ থাকে। ভাইরাল ওই টোটকা অনুযায়ী, এই জলের সঙ্গে সামান্য একটু সাদা ভিনিগার মিশিয়ে নিলে তা একটি চমৎকার মিশ্রণ তৈরি করে। এই মিশ্রণটি রুপোর গায়ে জমে থাকা কালচে ছোপ বা অক্সিডাইজড স্তরটিকে দ্রুত আলগা করতে সাহায্য করে। আর ঠিক এই কারণেই রুপোর জিনিসপত্রের হারানো চমক ফেরাতে এটি অত্যন্ত কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্যবহারের পদ্ধতি
এই ঘরোয়া উপায়টি কাজে লাগানো খুবই সহজ। ধাপে ধাপে পদ্ধতি নিচে দেওয়া হল:
* প্রথমে আলু সেদ্ধ করার পর গরম জলটা একটি পাত্রে আলাদা করে সরিয়ে রাখুন।
* এবার ওই গরম জলের মধ্যে এক চা চামচ সাদা ভিনিগার ভাল করে মিশিয়ে নিন।
* কালচে হয়ে যাওয়া রুপোর গয়না বা বাসনপত্রটি ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিন।
* খেয়াল রাখবেন জিনিসটি যেন জলের মধ্যে সম্পূর্ণ ডুবে থাকে। এই অবস্থায় অন্তত ১৫ মিনিট রেখে দিন।
* এরপর জল থেকে তুলে একটি পরিষ্কার ও নরম সুতির কাপড় দিয়ে আলতো করে মুছে নিন।
তফাৎ দেখুন মাত্র ১৫ মিনিটে
এই পদ্ধতিতে মাত্র ১৫ মিনিট রুপোর জিনিস ভিজিয়ে রাখলে কালচে ভাব অনেকটাই কেটে যায় এবং নতুনের মতো জেল্লা ফিরে আসে। তবে, রুপোর গায়ে যদি বহু পুরনো এবং জেদি কালচে দাগ থাকে, সেক্ষেত্রে ফলাফল একটু ভিন্ন হতে পারে। হয়তো প্রথমবারে পুরোপুরি পরিষ্কার না-ও হতে পারে, সেক্ষেত্রে পদ্ধতিটি পুনরাবৃত্তি করা যেতে পারে।
মাথায় রাখুন কিছু জরুরি সতর্কতা
আপনার রুপোর গয়না বা বাসনে যদি কোনও দামি পাথর, মুক্তো বা বিশেষ কোনও পলিশ থাকে, তবে এই পদ্ধতি প্রয়োগ করার আগে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি। এই ধরনের সূক্ষ্ম কাজের গয়নার ক্ষেত্রে পুরোটা ডোবানোর আগে, ছোট্ট কোনও অংশে এই মিশ্রণটি লাগিয়ে পরীক্ষা করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।