বাড়ির পাশে বাগান, খালি জমি বা জঙ্গলজাতীয় জায়গা থাকলে সতর্ক থাকা জরুরি। বর্ষা এলেই বাড়ির আশপাশে সাপ নিয়ে ভয় বাড়ে। বৃষ্টির জল, ভেজা মাটি আর ঝোপঝাড়ের কারণে এই সময় সাপ উঁচু জায়গা খোঁজে। বিশেষ করে বাড়ির পাশে বাগান, খালি জমি বা জঙ্গলজাতীয় জায়গা থাকলে সতর্ক থাকা জরুরি। গ্রামাঞ্চল তো বটেই, শহরেও অনেক সময় হঠাৎ ঘরের ভিতরেই সাপ ঢুকে পড়তে পারে। সম্প্রতি কলকাতার এক নামজাদা স্কুলেও ক্লাসরুমে সাপ ঢুকে পড়ে। আসলে সাপ সাধারণত কোনও বাড়িতে অকারণে ঢোকে না। খাবার বা নিরাপদ আশ্রয়ের খোঁজেই তারা বাড়ির আশপাশে চলে আসতে পারে। আর সেখানে যদি সহজে খাবার পাওয়া যায়, তা হলে ঘরের ভিতরে ঢোকার সম্ভাবনাও তৈরি হয়। তাই বর্ষায় বাড়িতে সাপ ঢোকা আটকাতে প্রথমেই নজর দিতে হবে বাড়ির চারপাশের পরিবেশের দিকে।
বাড়িতে ইঁদুর থাকলে বিপদ বাড়তে পারে
সাপের অন্যতম পরিচিত শিকার ইঁদুর। তাই বাড়ির রান্নাঘর, স্টোররুম, গ্যারাজ কিংবা বাগানে যদি ইঁদুরের উপদ্রব থাকে, তা হলে সেই জায়গায় সাপও চলে আসতে পারে।
খোলা জায়গায় খাবার রাখা, মেঝেতে পড়ে থাকা খাবারের টুকরো, অনাবৃত শস্যদানা কিংবা জমে থাকা আবর্জনা ইঁদুরকে আকৃষ্ট করে। ফলে ইঁদুরের আনাগোনা বাড়লে সাপের আসার সম্ভাবনাও তৈরি হয়। তাই খাবার সব সময় ভাল করে ঢেকে রাখা এবং বাড়িতে ইঁদুরের উপদ্রব হলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
বর্ষায় ব্যাঙ বাড়লেই সতর্ক হন
বৃষ্টির সময় বাড়ির আশপাশে ব্যাঙের সংখ্যা বেড়ে যায়। জমা জল, ভেজা মাটি, ছোট গর্ত কিংবা পুকুরের আশপাশে এই সময় ব্যাঙ বেশি দেখা যায়। ব্যাঙও অনেক সাপের খাবার।
তাই বাড়ির আশপাশে যদি প্রচুর ব্যাঙ দেখা যায়, তা হলে জায়গাটি পরিষ্কার রাখুন। কোথাও জল জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলুন। বাগান বা বাড়ির বাইরের অংশও নিয়মিত পরিষ্কার করা দরকার।
টিকটিকি, ছোট পাখি বা পোকামাকড়ের আনাগোনাও নজরে রাখুন
বাড়িতে টিকটিকি বা ছোট প্রাণীর সংখ্যা বেশি হলে সেখানেও সাপ খাবারের খোঁজে চলে আসতে পারে। কিছু প্রজাতির সাপ ছোট প্রাণী, টিকটিকি, ব্যাঙ বা ছোট পাখি শিকার করে।
তাই ঘরের অন্ধকার কোণ, স্টোররুম এবং বাগানে অযথা জিনিসপত্র জমিয়ে রাখবেন না। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে এই ধরনের ছোট প্রাণীর আনাগোনাও কমানো সম্ভব।
পোষ্যদের খাবার বাইরে ফেলে রাখবেন না
বাড়িতে কুকুর বা বিড়াল থাকলে অনেকেই তাদের খাবার বাইরে রেখে দেন। কিন্তু খাবার দীর্ঘ সময় পড়ে থাকলে তা ইঁদুর-সহ নানা প্রাণীকে আকর্ষণ করতে পারে। আর যেখানে ইঁদুরের আনাগোনা, সেখানে সাপও চলে আসতে পারে।
বিশেষ করে রাতে পোষ্যের খাবার বাইরে ফেলে না রাখাই ভাল। খাওয়ানোর পর খাবারের পাত্রও পরিষ্কার করে রাখা উচিত।
পাখিদের খাবার দেওয়ার পর পরিষ্কার করুন
বাড়ির ছাদ, বারান্দা বা উঠোনে পাখিদের জন্য দানা দেওয়া ভাল অভ্যাস। কিন্তু দানা দেওয়ার পর চারপাশ পরিষ্কার না করলে সমস্যা হতে পারে। মাটিতে পড়ে থাকা শস্য খেতে ইঁদুর আসতে পারে। সেই ইঁদুর আবার সাপকে বাড়ির আশপাশে টেনে আনতে পারে।
তাই পাখিদের দানা দেওয়ার জায়গাটি নিয়মিত পরিষ্কার করুন। মাটিতে পড়ে থাকা শস্য বা খাবার জমতে দেবেন না।
বাড়ির চারপাশ পরিষ্কার রাখাই সবচেয়ে জরুরি
বর্ষায় সাপের উপদ্রব কমাতে বাড়ির চারপাশে ঝোপঝাড় ও লম্বা ঘাস বাড়তে দেবেন না। পুরনো কাঠ, ইট, টিন, বাক্স বা অপ্রয়োজনীয় জিনিসও জমিয়ে রাখা ঠিক নয়। এই ধরনের জায়গা সাপের লুকিয়ে থাকার নিরাপদ আশ্রয় হয়ে উঠতে পারে।
বাড়ির দেওয়াল, দরজা ও জানলার আশপাশে কোনও ফাঁক বা গর্ত থাকলে তা বন্ধ করে দিন। বাগান ও স্টোররুম নিয়মিত পরিষ্কার করুন। বাড়ির পাশে জল জমে থাকলে দ্রুত তা সরিয়ে ফেলুন।
রাতে বাড়ির বাইরে বেরোলে বিশেষ করে বাগান, উঠোন বা অন্ধকার জায়গায় যাওয়ার সময় টর্চ ব্যবহার করুন। কোনও সাপ দেখতে পেলে নিজে ধরে ফেলার চেষ্টা না করে দূরে থাকুন এবং প্রয়োজন হলে স্থানীয় প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাহায্য নিন। মনে রাখবেন, বিষাক্ত নয়, এমন সাপ মারলে আপনারই ক্ষতি। কারণ ঢোঁড়া, দাঁড়াসের মতো সাপ ব্যাঙ, ইঁদুরের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তাই কোনও সাপই মারবেন না। এটি দন্ডনীয় অপরাধ। বন দফতরের সাহায্য নেওয়াই কাম্য।