হেলমেটবাইক চালাতে গেলে নিরাপত্তার কারণে হেলমেট খুবই গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বড় সমস্যা হল, হেলমেট দীর্ঘ সময় পরে থাকলে চুল পড়ে যাওয়ার সমস্যা অনেকটা বেড়ে যায়। আর সে কারণেই অনেকে ঝুঁকি নিয়ে হলেও হেলমেট ছাড়াই বাইক চালান। অনেকে আবার মাথায় রুমাল বেঁধে তার উপর হেলমেট পরেন। তবে তাতেও অনেকক্ষেত্রেই সমস্যা সমাধান হয় না।
কী কারণে চুল পড়ার সমস্যা হয়?
চিকিৎসকের মতে, হেলমেট সরাসরি চুল পড়ার কারণ নয়। সমস্যা তখনই তৈরি হয় যখন চুল ঠিকমতো পরিষ্কার রাখা হয় না। হেলমেট পরে দীর্ঘক্ষণ বাইক চালালে মাথার ত্বকে ঘাম জমে। সেই ঘামের সঙ্গে রাস্তার ধুলোবালি মিশে চুলে খুশকি, ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণের (Fungal Infection) ঝুঁকি বাড়িয়ে দেয়। যদি কারও চুল ঘাড়ের থেকে বেশি লম্বা হয় এবং পরিষ্কার না রাখা হয়, তবেই চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।
কী করলে চুল ভাল রাখা সম্ভব?
পরিচ্ছন্নতা বজায় রাখা: নিয়মিত চুল ধোয়া জরুরি। যাঁদের মাথায় খুশকি আছে, তাঁরা একদিন অন্তর অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু এবং সাধারণ শ্যাম্পু মিলিয়ে ব্যবহার করুন। অতিরিক্ত গরমে সপ্তাহে অন্তত একবার অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করা উচিত।
চিকিৎসক দীপালি ভরদ্বাজ জানাচ্ছেন, হেলমেট ব্যবহারের আগে চুলে তেল না লাগানোই ভালো। কারণ তেল থাকলে চুলে ধুলোবালি ও ব্যাকটেরিয়া বেশি আটকে যায়। চুল সেট করতে জেল ব্যবহার করা তুলনামূলক নিরাপদ।
কোনও হেয়ার কেয়ার প্রোডাক্ট বা সিরাম ব্যবহার করতে চাইলে তা রাতে লাগান এবং সকালে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
বিশেষজ্ঞদের মতে, চুল ছোট এবং পরিষ্কার রাখলে হেলমেট পরার কারণে চুল ঝরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই বাইক চালানোর সময় চুল নিয়ে অহেতুক দুশ্চিন্তা না করে সঠিক নিয়ম মেনে হেলমেট পরা এবং চুলের স্বাস্থ্য বজায় রাখাই বুদ্ধিমানের কাজ।
এই চার টিপস মেনে চললে হেলমেট পরলেও চুল ঝরবে না। তাই রাইডাররা বা সাধারণ বাইক চালকরা এখন থেকেই এই টিপসগুলি মেনে চলুন।