Toy Train Cancelled: ধসের জেরে ১০ দিন বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা, বিকল্প বন্দোবস্ত কী?টানা বৃষ্টিতে পাহাড়জুড়ে প্রকৃতি নতুন রূপে সেজে উঠেছে। সবুজে মোড়া পাহাড়ের বুক চিরে টয়ট্রেনে চড়ে দার্জিলিং যাওয়ার স্বপ্ন দেখছেন বহু পর্যটক। কিন্তু আপাতত সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। ধসের জেরে ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কারের কাজ শেষ না হওয়ায় নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে টয়ট্রেন পরিষেবা আরও অন্তত ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টয়ট্রেনের রেললাইন মেরামতের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। তবে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এখনও ধসে ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কারের কাজ শেষ করতে পারেনি। সেই কাজ সম্পূর্ণ হওয়ার পরেই নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং রুটে ফের টয়ট্রেন চালানো হবে।
জুন মাসের তৃতীয় সপ্তাহে টানা বৃষ্টির ফলে মহানদী এলাকায় ভয়াবহ ধস নামে। সেই ধসে প্রায় পাঁচ ফুট টয়ট্রেনের রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি রেললাইনের পাশের রাস্তাও ব্যাপকভাবে ভেঙে যায়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গে নিউ জলপাইগুড়ি দার্জিলিং টয়ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরে রেললাইন মেরামতের কাজ শেষ হলেও রাস্তার সংস্কারের কাজ এখনও চলছে। সূত্রের খবর, সেই কাজ শেষ হতে আরও অন্তত ১০ দিন সময় লাগবে। তারপরই ফের স্বাভাবিক হবে টয়ট্রেন চলাচল।
দীর্ঘদিন পরিষেবা বন্ধ থাকায় পর্যটকদের একাংশের মধ্যে হতাশা বাড়ছে। দূরদূরান্ত থেকে শিলিগুড়িতে এসে টয়ট্রেনে পাহাড় সফরের পরিকল্পনা করেও শেষ মুহূর্তে তা বাতিল করতে বাধ্য হচ্ছেন অনেকে। এই পরিস্থিতিতে যাঁরা আগে থেকে টিকিট বুক করেছিলেন তাঁদের অগ্রিম বুকিংয়ের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।
ডিএইচআর ইন্ডিয়া সাপোর্ট গ্রুপের সেক্রেটারি জেনারেল রাজ বসু জানিয়েছেন, ধসের কারণে ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ লুপ বন্ধ হয়ে গিয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁর মতে, ট্র্যাক মেরামত এবং অন্যান্য রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট সময় পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা করা হলে পর্যটকদের অযথা সমস্যায় পড়তে হবে না।
এদিকে বুধবার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করে শিলিগুড়ি জংশন থেকে তিনধারিয়া জঙ্গল সাফারি টয়ট্রেনের সময়সূচিতে পরিবর্তনের কথা জানিয়েছে। নতুন সূচি অনুযায়ী দুপুর ১২টায় শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ছাড়বে এবং তিনধারিয়া ঘুরে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে আবার শিলিগুড়ি জংশনে ফিরে আসবে।