সারা বছর ঠান্ডা, স্বর্গের চেয়ে কম নয় কালিম্পংয়ের ডুকা ভ্যালি; কীভাবে যাবেন, কোথায় থাকবেন?Kalimpong Duka Valley: গরমের ছুটি মানেই অনেকের প্রথম পছন্দ পাহাড়। আর উত্তরবঙ্গ ভ্রমণপ্রেমীদের কাছে সবসময়ই অন্যতম আকর্ষণ। আপনি যদি এবার ভিড় এড়িয়ে কোনও শান্ত, নির্জন এবং অফবিট জায়গায় কয়েকটা দিন কাটাতে চান, তাহলে কালিম্পংয়ের ডুকা ভ্যালি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। প্রকৃতির অপার সৌন্দর্য, সবুজ পাহাড় আর নিরিবিলি পরিবেশ এই জায়গাটিকে অন্য মাত্রা দিয়েছে।
কালিম্পংয়ের খুব কাছেই অবস্থিত ডুকা ভ্যালি। আলগাড়া থেকে এই সুন্দর জায়গার দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। পাহাড় আর সবুজ জঙ্গলের মাঝে গড়ে উঠেছে ডুকা ভ্যালির হোমস্টেগুলি। এখানকার শান্ত পরিবেশ, নির্মল বাতাস এবং চারপাশ জুড়ে ছড়িয়ে থাকা পাহাড়ের সারি মুহূর্তেই মন জয় করে নেবে। প্রকৃতির এত কাছাকাছি থাকার অভিজ্ঞতা আপনাকে বারবার এই জায়গায় ফিরে আসতে বাধ্য করবে।
এই ডুকা ভ্যালি হলো কালিম্পং জেলার লাভা এবং পেডংয়ের মাঝে অবস্থিত একটি মনোরম অফবিট পাহাড়ি গ্রাম। শান্ত পরিবেশ, ছিমছাম পাহাড়ি পথ, দৃষ্টিনন্দন ডুকা জলপ্রপাত, এবং পাহাড়ি উপত্যকার ১৮০ ডিগ্রি দৃশ্য দেখার জন্য এটি দারুণ এক জায়গা।
শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় ৫০ থেকে ৯১ কিলোমিটার (পথের ওপর নির্ভর করে)। নিউ জলপাইগুড়ি (NJP) বা বাগডোগরা থেকে গাড়ি ভাড়া করে আলগাড়া বা লাভা হয়ে সরাসরি পৌঁছানো যায়।
ডুকা ভ্যালিতে থাকলে খুব সহজেই ঘুরে নেওয়া যায় উত্তরবঙ্গের একাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখান থেকে লাভা, রিশপ, দাঁড়াগাঁও, কোলাখাম, রামধুরা এবং মারুনগাঁও অনায়াসেই ঘুরে আসা যায়। তাই এক জায়গায় থেকে একাধিক দর্শনীয় স্থান দেখার সুযোগও মিলবে।
তবে ডুকা ভ্যালিতে যাওয়ার আগে একটি বিষয় মাথায় রাখা জরুরি। এই রুটে শেয়ার গাড়ি প্রায় চলে না বললেই চলে। তাই নিউ জলপাইগুড়ি থেকে একটি রিজার্ভ গাড়ি ভাড়া করাই সবচেয়ে সুবিধাজনক। নিউ জলপাইগুড়ি থেকে ডুকা ভ্যালির রিসর্ট বা হোমস্টে পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া আনুমানিক ৩৫০০ টাকা পড়তে পারে।
খরচের দিক থেকেও ডুকা ভ্যালি যথেষ্ট সাশ্রয়ী। এখানে হোমস্টেতে থাকা এবং সমস্ত খাবার মিলিয়ে মাথাপিছু প্রতিদিন প্রায় ১৫০০ টাকা খরচ হয়। তাই কম বাজেটের মধ্যেই পাহাড়ের কোলে শান্ত পরিবেশে কয়েকটি দিন কাটানোর জন্য ডুকা ভ্যালি হতে পারে আদর্শ ঠিকানা।