সিকিম পর্যটনSikkim Tourism: ক্যালেন্ডারের হিসেবে বৈশাখী দহন সমাসন্ন, কিন্তু হিমালয়ের কোলে চিত্রটা একেবারেই ভিন্ন। উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য সিকিমে বসন্তের ছোঁয়া লাগলেও বরফের দেখা মিলছে অহরহ। কখনও পূর্ব সিকিমের ছাঙ্গু, তো কখনও পশ্চিমের পেলিং, বরফের চাদরে ঢাকা পড়ছে শৈলশহর। আর এই অকাল তুষারপাতের টানেই উত্তরবঙ্গ ছাড়িয়ে পর্যটকদের ঢল নামছে গ্যাংটকের পথে। সিকিম ভ্রমণের এই ভরা মরশুমে আপনার সফরকে সার্থক করতে কোন কোন দশটি জায়গায় ঢুঁ মারতেই হবে, তার একটি বিশেষ গাইডলাইন এখন পর্যটকদের মুখে মুখে।
নর্থবেঙ্গল থেকে যাত্রা ও খরচের সুলুকসন্ধান
সিকিমের এই মায়াবী রূপ চাক্ষুষ করতে হলে পর্যটকদের প্রবেশদ্বার কিন্তু সেই উত্তরবঙ্গই। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর কিংবা নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন থেকেই শুরু হয় এই পাহাড়ি রোমাঞ্চ। এনজেপি থেকে ট্যাক্সি বা শেয়ার গাড়িতে চড়ে তিস্তা নদীকে সঙ্গী করে পৌঁছে যাওয়া যায় গ্যাংটকে। পর্যটন বিশেষজ্ঞদের মতে, ৫ দিনের একটি বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে মাথাপিছু ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ করলেই কেল্লাফতে। উত্তরবঙ্গের সমতল থেকে পাহাড়ে ওঠার এই যাত্রা যেমন মনোরম, তেমনই সাশ্রয়ী।
সিকিমের সেরা ১০ আকর্ষণ
সিকিম ভ্রমণের তালিকায় প্রথমেই থাকে ১২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত সোমগো বা ছাঙ্গু লেক। যার পাশেই নাথুলা পাসে ভারত-চিন সীমান্তে দাঁড়িয়ে দেশপ্রেমের স্বাদ নেওয়া যায়। আধ্যাত্মিক শান্তির জন্য রুমটেক মঠ আর ফুলের সমারোহ দেখতে ইয়ুমথাং ভ্যালি পর্যটকদের স্বর্গরাজ্য। উত্তর সিকিমের লাচুং ও লাচেন গ্রাম থেকে ১৭ হাজার ফুট উচ্চতার গুরুদোংমার লেকের নীল জলরাশি একবার দেখলে চোখ ফেরানো দায়। এছাড়া অফবিট প্রেমীদের জন্য জুলুক, কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতে পেলিং এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাসপেনশন ব্রিজ ‘সিংশোর’ এই তালিকায় থাকা প্রতিটি জায়গাই সিকিমের এক একটি রত্ন। দক্ষিণ সিকিমের নামচিতে চারধাম দর্শনেও এখন ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা।
১. সোমগো লেক (Tsomgo Lake):
গ্যাংটক থেকে ৩৮ কিমি দূরে, ১২,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই হিমবাহ-নির্ভর লেক সিকিমের অন্যতম আকর্ষণ। শীতে জমে যায়, আর বসন্তে নানা রঙের ফুল ঘিরে ধরে।
২. নাথুলা পাস (Nathula Pass):
ভারত-চিন বর্ডারে অবস্থিত এই পাসে যেতে হলে বিশেষ পারমিশন লাগে। হিমালয়ের কোলে দাঁড়িয়ে দেশের প্রতিরক্ষা কৌশলের এক বাস্তব ছবি এখানে চোখে পড়ে।
৩. রুমটেক মনাস্ট্রি (Rumtek Monastery):
সিকিমের সবচেয়ে বড় তিব্বতি বৌদ্ধ মঠ। স্থাপত্য, ইতিহাস ও আধ্যাত্মিক শান্তির সন্ধানে এই জায়গা ঘুরতেই হবে।
৪. ইয়ুমথাং ভ্যালি (Yumthang Valley):
‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ নামেই বিখ্যাত। বসন্তে রডোডেনড্রন ফুলে ভরে যায় চারদিক। প্রকৃতি প্রেমীদের স্বর্গ।
৫. লাচুং ও লাচেন (Lachung & Lachen):
উত্তর সিকিমের এই দুই গ্রাম আপনাকে নিবিড় শান্তি ও পাহাড়ি গ্রামীণ জীবন উপহার দেবে। এখান থেকে গুরুদোংমার লেক ঘুরে আসতে পারেন।
৬. গুরুডোংমার লেক (Gurudongmar Lake):
১৭,৮০০ ফুট উচ্চতায় ভারতের অন্যতম উঁচু লেক। হিমালয়ের কোলে এর সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবে।
৭. জুলুক (Zuluk):
অফবিট প্রেমীদের জন্য আদর্শ। বিখ্যাত "জুলুক লুপ" থেকে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা অমলিন।
৮. পেলিং (Pelling):
কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, রাবডেন্টসে রুইনস, চেয়াচে ঝর্ণা সব মিলে দারুণ অভিজ্ঞতা।
৯. সিংশোর ব্রিজ (Singshore Bridge):
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাসপেনশন ব্রিজ। এডভেঞ্চারপ্রেমীদের জন্য এটি এক must-visit জায়গা।
১০. নামচি ও চার ধাম (Namchi & Char Dham):
সাউথ সিকিমে অবস্থিত এই শহরে ভগবান শিবের ১০৮ ফুট উঁচু মূর্তি এবং চার ধামের মডেল দেখতে পাবেন।