বুধ উদয় ২০২৬Budh Gochar Rashifal: মহাজাগতিক গ্রহমন্ডলে বড়সড় রদবদল। আগামী ১৯ মে, মঙ্গলবার দুপুর ২টা ৩৭ মিনিটে চন্দ্রের নক্ষত্র ‘রোহিণী’তে প্রবেশ করতে চলেছে বুধ। জ্যোতিষশাস্ত্রে বুধকে বলা হয় বুদ্ধি ও বাণিজ্যের কারক। আগামী ২৫ মে পর্যন্ত বুধ এই নক্ষত্রেই ঘাঁটি গেড়ে থাকবে। আর এই সল্প সময়ের অবস্থানই শনির দশা কাটিয়ে কয়েক পা এগিয়ে দেবে চার রাশির জাতকদের। মূলত ব্যবসা, ধনসম্পত্তি বৃদ্ধি এবং মানসিক প্রশান্তির ক্ষেত্রে দারুণ যোগ তৈরি হচ্ছে। দেখে নিন কার কার কপাল খুলতে চলেছে।
মিথুন
মিথুন রাশির জাতকদের জন্য এই গোচর যেন সোনায় সোহাগা। দীর্ঘদিনের ঝুলে থাকা কাজ এবার গতি পাবে। শুধু তাই নয়, পকেটে টান পড়ার দিন শেষ, আয়ের নতুন পথ খুলে যাওয়ার পাশাপাশি সঞ্চয়ও বাড়বে পাল্লা দিয়ে। যাঁরা আইনি লড়াই লড়ছেন, জয় আসার সম্ভাবনা প্রবল। বুধের কৃপায় আপনার বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি প্রখর হবে, যা কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেবে কয়েক গুণ।
কর্কট
কর্কট রাশির জাতকদের জীবনে বসন্ত আসতে চলেছে। আটকে থাকা পাওনা টাকা হঠাৎই হাতে চলে আসতে পারে। যাঁরা চাকরির সন্ধানে রয়েছেন বা বদল চাইছেন, তাঁদের জন্য বড় কোনও সুযোগ দোরগোড়ায়। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও তা আপনার ভবিষ্যতের জন্য লাভজনক হবে। ঘরোয়া অশান্তি মিটে গিয়ে পরিবারে ফিরবে অনাবিল শান্তি।
সিংহ
সিংহ রাশির জন্য বুধের এই যাত্রা ইতিবাচক পরিবর্তনের সঙ্কেত দিচ্ছে। আয়ের একাধিক উৎস তৈরি হবে ঠিকই, তবে খরচে রাশ টানা প্রয়োজন। পুরনো কোনও পরিকল্পনা যা হিমঘরে চলে গিয়েছিল, তা বাস্তবায়িত করার এটাই মোক্ষম সময়। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য সুখবর, বিদেশের নামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ তৈরি হতে পারে এই সপ্তাহেই।
তুলা
তুলা রাশির জাতকদের জন্য এই সময়টা যেন হাতে চাঁদ পাওয়ার মতো। কমিউনিকেশন স্কিল বা বাচনভঙ্গিই আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে। কঠোর পরিশ্রমের পূর্ণ মর্যাদা পাবেন কর্মস্থলে, এমনকি পদোন্নতির সম্ভাবনাও রয়েছে ষোলো আনা। ব্যবসা সম্প্রসারণের জন্য কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গ্রহের অবস্থান আপনার পক্ষেই থাকবে। পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে।