শনির ডাবল গোচর ২০২৭-এজ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফল ও ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয়, ব্যক্তির কর্ম অনুযায়ী ফল প্রদান করেন শনিদেব। তাই শনির রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ, শনির গোচরের প্রভাব দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে পড়তে পারে। শনির গতি অত্যন্ত ধীর। সাধারণত প্রায় আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করে এই গ্রহ। সেই হিসেবে ২০২৭ সালে শনির রাশি পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তবে জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, ২০২৭ সালে শনি দু'বার রাশি পরিবর্তন করবে। প্রথমে ৩ জুন মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে শনি। এরপর ৯ অগস্ট মেষ রাশিতেই বক্রী হবে এই গ্রহ। বক্রী চলনের কারণে ২০ অক্টোবর ফের মীন রাশিতে ফিরে আসবে শনিদেব। শনির এই সাময়িক রাশি পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতক-জাতিকাদের জীবনে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে সাড়েসাতি ও শনির ধাইয়ার প্রভাবে বদল দেখা যাবে। কিছু রাশির জাতক-জাতিকারা দীর্ঘদিনের সমস্যা থেকে সাময়িক স্বস্তি পেতে পারেন। আবার কয়েকটি রাশির উপর বাড়তে পারে শনির চাপ। দেখে নিন, ২০২৭ সালে শনির গোচর কোন রাশির জীবনে কেমন প্রভাব ফেলতে পারে।
মেষ রাশি
২০২৭ সালের জুন মাসে শনি মেষ রাশিতে প্রবেশ করতেই এই রাশির জাতক-জাতিকাদের সাড়েসাতির দ্বিতীয় পর্যায় শুরু হবে। এর ফলে কর্মজীবনে দায়িত্ব বাড়তে পারে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে নতুন দায়িত্ব কিংবা পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাফল্যের পাশাপাশি কাজের চাপও বাড়তে পারে। আর্থিক বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন।
সিংহ রাশি
বর্তমানে সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর অষ্টম শনির প্রভাব রয়েছে। তবে জুন মাসে শনি মেষ রাশিতে প্রবেশ করলে সাময়িকভাবে এই প্রভাব থেকে মুক্তি মিলতে পারে। এর ফলে আর্থিক ও পারিবারিক সমস্যায় কিছুটা স্বস্তি আসার সম্ভাবনা রয়েছে। চাকরি এবং বিনিয়োগের ক্ষেত্রেও ইতিবাচক সুযোগ তৈরি হতে পারে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। অক্টোবর মাসে শনি ফের মীন রাশিতে ফিরে গেলে অষ্টম শনির প্রভাব আবার শুরু হতে পারে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৭ সালের জুন মাস কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। শনি মেষ রাশিতে প্রবেশ করলে এই রাশির উপর অষ্টম শনি বা ধাইয়ার প্রভাব শুরু হবে। ফলে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক বিষয়ে পরিকল্পনা করে এগোনো জরুরি। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং বাজেট মেনে চলার চেষ্টা করুন। তবে অক্টোবর মাসে শনি মীন রাশিতে ফিরে এলে এই প্রভাব শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৭ সালের জুন মাস থেকে কিছুটা স্বস্তির সময় শুরু হতে পারে। শনি চতুর্থ ঘর থেকে পঞ্চম ঘরে প্রবেশ করায় শনির ধাইয়ার প্রভাব সাময়িকভাবে শেষ হবে। এর ফলে বাড়ি, পরিবার, জমি, সম্পত্তি ও যানবাহন সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে অক্টোবর মাসে শনি ফের মীন রাশিতে ফিরে গেলে ধাইয়ার প্রভাব আবার শুরু হতে পারে।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য জুন মাস থেকে নতুন করে শনির ধাইয়ার প্রভাব শুরু হতে পারে। শনি মেষ রাশিতে প্রবেশ করলে চতুর্থ ঘরে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রে এই অবস্থানকে কণ্টক শনি বলা হয়। এর ফলে বাড়ি, পরিবার, সম্পত্তি ও আর্থিক বিষয়ে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। পারিবারিক দায়িত্বও বাড়তে পারে। তবে অক্টোবর মাসে শনি মীন রাশিতে ফিরে গেলে এই প্রভাব সাময়িকভাবে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারা দীর্ঘদিন ধরে শনির সাড়েসাতির প্রভাবের মধ্যে রয়েছেন। তবে ২০২৭ সালের জুন মাসে শনি মেষ রাশিতে প্রবেশ করলে তাঁরা সাময়িক স্বস্তি পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রেও উন্নতির নতুন সুযোগ আসতে পারে। মানসিক চাপ কিছুটা কমতে পারে। তবে অক্টোবর মাসে শনি মীন রাশিতে ফিরে গেলে আবার সাড়েসাতির প্রভাব শুরু হবে।
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের উপর বর্তমানে শনির সাড়েসাতির প্রভাব চলছে। এই সময় সাড়েসাতির তৃতীয় বা শেষ পর্যায়ের প্রভাব অনুভূত হতে পারে। জুন মাসে শনি মেষ রাশিতে প্রবেশ করলে সাড়েসাতির পর্যায়ে পরিবর্তন আসবে। এই সময়ে সাফল্য অর্জনের জন্য বাড়তি পরিশ্রম করতে হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং প্রত্যাশিত ফল পেতে কিছুটা দেরি হতে পারে। তাই ধৈর্য ধরে কাজ করা জরুরি। অক্টোবর মাসে শনি আবার মীন রাশিতে ফিরে এলে পরিস্থিতিতে নতুন পরিবর্তন আসতে পারে।