প্রতীকী ছবি Poila Baisakh 2026 Astrology:নিজস্ব প্রতিনিধি: ক্যালেন্ডারের পাতা ওল্টাতেই দোরগোড়ায় কড়া নাড়ছে নতুন বাংলা বছর ১৪৩৩। আগামী ১৫ এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করার সঙ্গেই শুরু হবে বাঙালির নতুন বর্ষবরণ। তবে কেবল উৎসবের আমেজ নয়, জ্যোতিষ গণনা বলছে এবারের নববর্ষ বয়ে আনছে এক বিরল মহাজাগতিক পরিবর্তন। নতুন বছরের শুরুতেই বৃহস্পতি, রাহু, কেতু, মঙ্গল ও বুধের মতো গুরুত্বপূর্ণ গ্রহগুলি নিজেদের অবস্থান পরিবর্তন করে একাধিক শুভ ও অশুভ যোগ তৈরি করতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের প্রাত্যহিক জীবনে।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বাংলা ১৪৩৩ সালের অধিপতি গ্রহ হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি এবং মন্ত্রীর দায়িত্ব সামলাবেন সেনাপতি মঙ্গল। জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক বৃহস্পতির সঙ্গে সাহস ও বীরত্বের প্রতীক মঙ্গলের এই যুগলবন্দি নতুন বছরে দেশ ও দশের জন্য মিশ্র ফলদায়ক হতে পারে। বছরের শুরুতেই মেষ রাশিতে সূর্য ও মঙ্গলের মিলনে তৈরি হবে শক্তিশালী ‘আদিত্য মঙ্গল যোগ’। আবার ৩০ এপ্রিল বুধের মেষ রাশিতে প্রবেশের ফলে গঠিত হবে ‘বুধাদিত্য রাজযোগ’। গ্রহরাজ শুক্রও নিজের রাশি বৃষে অবস্থান করে বিলাসিতা ও সুখের পথ প্রশস্ত করবে।
কারা ভাসবেন সৌভাগ্যের জোয়ারে?
নতুন বাংলা বছর আক্ষরিক অর্থেই ভাগ্যের দরজা খুলে দিতে চলেছে মিথুন, তুলা, ধনু ও মকর রাশির জাতক-জাতিকাদের জন্য। এই চার রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির অভাবনীয় উন্নতি যেমন হবে, তেমনই কর্মক্ষেত্রে দীর্ঘদিনের পরিশ্রমের সুফল মিলবে হাতেনাতে। নতুন বছরে এই রাশির ব্যক্তিদের স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে এবং সঠিক পরিকল্পনায় কাজ করলে কেরিয়ারে বড়সড় মাইলফলক ছোঁয়া সম্ভব হবে।
সতর্কবাণী কাদের জন্য?
গ্রহের ফেরে নতুন বছরে কিছুটা সাবধান থাকতে হবে মেষ, বৃশ্চিক ও মীন রাশির জাতকদের। বিশেষ করে মেষ ও মীন রাশির ওপর শনির সাড়ে সাতি দশা চলায় এই বছর বড় কোনও আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দুর্ঘটনাজনিত যোগও দেখা দিচ্ছে নক্ষত্রপুঞ্জে। তাই এই রাশির জাতকদের অহেতুক বিবাদ এড়িয়ে চলা এবং যে কোনও বড় সিদ্ধান্তে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। সব মিলিয়ে ১৪৩৩ বঙ্গাব্দের সূর্য কারও জীবনে প্রসন্নতা ছড়াবে, আবার কারও জন্য নিয়ে আসবে ধৈর্য্য পরীক্ষার সময়।