চার রাশির জাতকদের আগামী কয়েক দিন বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। Budh Nakshatra Parivartan 2026: ১৯ মে বড় নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বুধ (Mercury)। জ্যোতিষশাস্ত্র মতে, এর প্রভাব পড়তে পারে একাধিক রাশির জীবনে। বিশেষ করে চার রাশির জাতকদের আগামী কয়েক দিন বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। সম্পর্কের টানাপড়েন, অর্থনৈতিক চাপ, মানসিক অশান্তি থেকে স্বাস্থ্য সমস্যা; একাধিক চ্যালেঞ্জ সামনে আসতে পারে বলে আশঙ্কা।
জ্যোতিষ গণনা অনুযায়ী, সোমবার ১৯ মে ২০২৬ দুপুর ২টো ৩৭ মিনিটে কৃত্তিকা নক্ষত্র ছেড়ে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে বুধ। বর্তমানে বুধ সূর্যের নক্ষত্রে অবস্থান করছে। সেখান থেকে চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করাকে গুরুত্বপূর্ণ পরিবর্তন বলেই মনে করা হচ্ছে।
জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, যুক্তি এবং যোগাযোগের কারক ধরা হয়। অন্য দিকে চন্দ্রের সঙ্গে জড়িয়ে থাকে মন ও আবেগ। এই দুই গ্রহের প্রভাব একত্রে পড়লে যুক্তি এবং আবেগের সংঘাত তৈরি হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। সেই কারণেই কয়েকটি রাশির ক্ষেত্রে এই সময়কে তুলনামূলক কঠিন বলে মনে করা হচ্ছে।
মেষ রাশি: অর্থ এবং কথাবার্তায় সতর্কতা
মেষ রাশির জাতকদের ক্ষেত্রে এই গোচর দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে। ফলে কথাবার্তা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। পরিবার কিংবা কর্মক্ষেত্রে মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক দিক থেকেও অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। না ভেবে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মত জ্যোতিষীদের। এই সময় কাউকে টাকা ধার না দেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।
বৃশ্চিক রাশি: সম্পর্কে বাড়তে পারে দূরত্ব
বুধের এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব পড়বে বৃশ্চিক রাশির সপ্তম ভাবে। ফলে দাম্পত্য জীবন কিংবা ব্যবসায়িক পার্টনারশিপে সমস্যা দেখা দিতে পারে। ছোটখাটো বিষয় নিয়েও বড় অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যবসায়িক চুক্তি বা কাগজপত্র সই করার আগে সব কিছু ভাল করে দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ধনু রাশি: স্বাস্থ্য এবং শত্রুতা নিয়ে সতর্কতা
ধনু রাশির ক্ষেত্রে এই গোচর ষষ্ঠ ভাবে ঘটবে। ফলে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে। কেউ আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা। স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে স্নায়ু, ত্বক বা মানসিক চাপ সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। অনিদ্রার সমস্যাও দেখা দিতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা।
কুম্ভ রাশি: সংসারে চাপ, বাড়তে পারে খরচ
কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে চতুর্থ ভাব প্রভাবিত হবে। ফলে পারিবারিক পরিবেশে অশান্তি বাড়তে পারে। বাড়ির মেরামতি বা ইলেকট্রনিক সামগ্রী নিয়ে আচমকা বড় খরচের সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্যের দিকেও নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পুরনো অসুস্থতা ফের মাথাচাড়া দিতে পারে বলেও আশঙ্কা।
জ্যোতিষশাস্ত্রের মতে, এই সময় আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে ধীরে-সুস্থে চিন্তাভাবনা করে পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে অর্থ, সম্পর্ক এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বাড়তি সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।