গতিপথ পরিবর্তন করবে কেতুজ্যোতিষশাস্ত্রে বিভিন্ন গ্রহের গতিবিধিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। পাশাপাশি নক্ষত্রের পথ পরিবর্তনও জ্য়োতিষীদের জন্য গুরুত্বপূর্ণ। আসন্ন অক্টোবর মাসে এমনই নক্ষত্র পরিবর্তন করতে চলেছে কেতু। আগামী ৩ অক্টোবর, রাত ৯:৪৮ মিনিটে কেতু মঘা নক্ষত্রের প্রথম পর্বে প্রবেশ করবে। এই সময়ে কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুসারে, এই পরিবর্তন একজন ব্যক্তির সম্পদ, পরিবার, সম্পর্ক, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে।
কেতু নক্ষত্রের পরিবর্তনের অর্থ কী?
বৈদিক জ্যোতিষশাস্ত্রে, কেতুকে বৈরাগ্য, আধ্যাত্মিকতা, রহস্য, নির্জনতা এবং আকস্মিক পরিবর্তনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। অপরদিকে, মঘা নক্ষত্র পূর্বপুরুষ, পিতৃপুরুষ, ঐতিহ্য, প্রতিপত্তি এবং কর্তৃত্বের সঙ্গে সম্পর্কিত। তাৎপর্যপূর্ণভাবে, স্বয়ং কেতুই মঘা নক্ষত্রের অধিপতি। কেতুর এই গতিপথ পরিবর্তনে কোন কোন রাশির সমস্যা বাড়তে পারে, দেখে নেওয়া যাক।
বৃষ রাশি
বৃষ রাশির জন্য কেতুর প্রভাব চতুর্থ ভাবের উপর থাকবে। চতুর্থ ভাবটি ঘর, পরিবার, মা, সম্পত্তি এবং মানসিক সুস্থতার ঘর। এই সময়ে আপনার মন পারিবারিক বিষয় নিয়ে ব্যস্ত থাকতে পারে। এমনকি পরিবারের সঙ্গেও আপনি আবেগগতভাবে দূরত্ব অনুভব করতে পারেন। সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত পুরোনো সমস্যাগুলো সামনে আসতে পারে। বাড়ি বদলানো বা সম্পত্তি সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নেবেন না।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে কেতুর প্রভাব দ্বিতীয় ভাবের উপর থাকবে। এই ভাবটি ধনসম্পদ, সঞ্চয়, পরিবার এবং কমিউনিকেশনের সঙ্গে জড়িয়ে থাকে। এই সময়ে খরচ হঠাৎ বেড়ে যেতে পারে। সঞ্চয় ধাক্কা খেতে পারে। আর্থিক বিষয়ে অসতর্কতার কারণে লোকসান হতে পারে। এদিকে, রাগ বা হঠকারী মন্তব্য পরিবারে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই আর্থিক বিষয়ে একটি বাজেট মেনে চলুন। কথা বলার সময় সতর্ক থাকুন। অভাবীদের আহার করান।
সিংহ রাশি
এই নক্ষত্র পরিবর্তনটি সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ কেতু এই রাশিতেই অবস্থান করছে। এই সময়ে সিংহের জাতক-জাতিকারা আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ গতিপথ নিয়ে বিভ্রান্ত বোধ করতে পারেন। কোনো কাজে আগ্রহী হওয়ার পর, হঠাৎ করেই আপনার তা থেকে সরে আসতে ইচ্ছা হতে পারে।সম্পর্কে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করা এড়িয়ে চলাই ভালো। জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুসারে, প্রতিদিন সূর্যকে জল নিবেদন করুন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য কেতু দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে, যা ব্যয়, বিদেশযাত্রা, নির্জনতা, ঘুম এবং মানসিক ব্যস্ততার সঙ্গে জুড়ে রয়েছে। এই সময়ে অপরিকল্পিত খরচ বেড়ে যেতে পারে। যেখানে তাৎক্ষণিক সুফল পাবেন না, সেখানে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। ঘুম ও বিশ্রামের প্রতি অবহেলা আপনার দৈনন্দিন রুটিনকে ব্যাহত করতে পারে। বিদেশ ভ্রমণ বা দূরবর্তী স্থান সংক্রান্ত কোথাও যাওয়ার আগে আগে সমস্ত দিক ভালোভাবে বিবেচনা করাই শ্রেয়। মঙ্গলবারে হনুমান মন্দিরে গুড় ও ছোলা নিবেদন করতে পারেন।