ধোনির খুঁড়িয়ে হাঁটার ভিডিও ভাইরাল (Getty)Dhoni Injury Update: টুর্নামেন্ট শুরুর বাঁশি বাজতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ঠিক তার আগেই চেন্নাই সুপার কিংস (CSK) শিবিরে আছড়ে পড়ল দুঃসংবাদ। গত কয়েক বছর ধরে যে প্রশ্নটি আইপিএল শুরুর আগে বারবার ঘুরেফিরে আসে, ২০২৬ সালেও তার ব্যতিক্রম হলো না। ধোনি কি পুরোপুরি ফিট?
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে সেই জল্পনা এখন তুঙ্গে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অনুশীলনের পর মাঠ ছাড়ার সময় বেশ খুঁড়িয়ে হাঁটছেন মাহি। আর এই দৃশ্য প্রকাশ্যে আসতেই বুক কাঁপতে শুরু করেছে চেন্নাইয়ের হলুদ ব্রিগেডের সমর্থকদের।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে সিএসকে। ধোনি বরাবরের মতোই নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করছেন। কিন্তু এদিন প্র্যাকটিস শেষে যখন তিনি ড্রেসিংরুমের দিকে ফিরছিলেন, তখন তাঁর হাঁটার ভঙ্গিতে অস্বস্তি ছিল স্পষ্ট। হাঁটুর পুরনো চোট কি আবার ভোগাতে শুরু করল ৪৪ ছুঁইছুঁই ক্যাপ্টেন কুলকে? যদিও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি। উল্লেখ্য, গত মরশুমেও হাঁটুর ব্যথা নিয়েই গোটা টুর্নামেন্ট খেলেছিলেন তিনি, পরে যার জন্য অস্ত্রোপচারও করাতে হয়েছিল।
টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, ধোনির চোট কতটা গুরুতর তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। তবে মাহির লড়াকু মানসিকতার কথা মাথায় রাখলে, খুব বড় অঘটন না ঘটলে তিনি হয়তো প্রথম ম্যাচেই মাঠে নামবেন। কিন্তু গতির ক্রিকেটে এই বয়সে শরীরের ওপর চাপ কতটা সামলাতে পারবেন মাহি, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ক্রিকেট মহলের মতে, ধোনি কেবল একজন উইকেটকিপার-ব্যাটার নন, তিনি সিএসকের মগজ। ফলে তাঁর সামান্য চোটও দলের মানসিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার, উদ্বোধনী ম্যাচে হলুদ জার্সিতে মাহি ম্যাজিক দেখার অপেক্ষার অবসান ঘটে কি না।