মহাদেবের বিশেষ কৃপায় এই ৪ রাশির ভাগ্যবদল নিশ্চিত, কাটবে অর্থকষ্ট।Horoscope prediction in Bengali: সনাতন ধর্মে শ্রাবণ মাসের (Sawan 2026) গুরুত্ব অপরিসীম। চাতুর্মাস্যের অন্যতম পবিত্র এই মাসটি মহাদেব শিবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। আগামী ৩০ জুলাই থেকে শুরু হতে চলেছে এই পবিত্র শ্রাবণ মাস। চলবে আগামী ২৮ অগাস্ট পর্যন্ত। জ্যোতিষবিদদের মতে, এবারের শ্রাবণ মাসটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ কারণ এই পুরো এক মাসে মোট চারটি ‘শ্রাবণ সোমবার’ বা সোমাব্রত পালিত হবে। এই পুরো মাস জুড়ে দেশ তথা রাজ্যের শিব মন্দিরগুলিতে ভক্তদের ঢল নামবে, চলবে দেবাদিদেবের জল ও দুগ্ধাভিষেক। জ্যোতিষ গণনা অনুযায়ী, মহাজাগতিক গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে এই বছর শ্রাবণ মাসের সূচনা থেকেই শিবের বিশেষ আশীর্বাদ ধন্য হতে চলেছে চার জোরালো রাশি। ভোলেনাথের কৃপাদৃষ্টিতে এই রাশিগুলির জাতক-জাতিকাদের ভাগ্য ফিরতে চলেছে আক্ষরিক অর্থেই। জেনে নিন তালিকায় কোন কোন রাশি রয়েছে:
বৃষ রাশি (Taurus): মানসিক চাপ দূর হবে
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃষ রাশির সঙ্গে চন্দ্রদেবের এক নিবিড় সম্পর্ক রয়েছে, আর সেই চন্দ্রকে মহাদেব নিজের জটায় ধারণ করেন। ফলে শ্রাবণের এই পবিত্র মাসটি বৃষ রাশির জাতকদের জন্য প্রবল সুখবর নিয়ে আসছে। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে দীর্ঘদিনের টানাপোড়েন এবার দূর হতে চলেছে। উপার্জনের নতুন নতুন পথ উন্মোচিত হওয়ার যোগ প্রবল। এর পাশাপাশি কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে যে মানসিক চাপ আপনার ওপর চেপে বসেছিল, তা থেকে মুক্তি মিলবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে এবং দাম্পত্য কলহের অবসান ঘটবে।
কর্কট রাশি (Cancer): বিনিয়োগে লাভ
কর্কট রাশির অধিপতি স্বয়ং চন্দ্রদেব। স্বভাবতই মহাদেবের বিশেষ স্নেহধন্য হতে চলেছেন এই রাশির জাতকেরা। চাকরি হোক বা ব্যবসা, কেরিয়ারের দিক থেকে শ্রাবণ মাসটি আপনার জন্য বড়সড় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আচমকা আয় বৃদ্ধির পাশাপাশি লাভের একাধিক নতুন সুযোগ হাতছানি দেবে। জ্যোতিষবিদদের মতে, এই পবিত্র মাসে কর্কট রাশির জাতকেরা কোথাও বিনিয়োগ করলে ভবিষ্যতে তা থেকে বিপুল লক্ষ্মীলাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখের বাতাবরণ থাকবে এবং স্বাস্থ্য নিয়েও বড় কোনও চিন্তা থাকবে না।
মকর রাশি (Capricorn): কর্মক্ষেত্রে সাফল্য
মকর রাশির স্বামী হলেন শনিদেব, যাঁকে মহাদেবের অন্যতম পরম ভক্ত ও শিষ্য বলে মনে করা হয়। ফলে শ্রাবণ মাসের পুণ্যলগ্নে মকর রাশির জাতকদের জীবনে শুভ সম্ভাবনার দ্বার খুলতে চলেছে। দীর্ঘদিনের আর্থিক অনটন কাটিয়ে এবার আপনারা সঞ্চয়ের মুখ দেখতে পাবেন। চাকরিজীবীদের পদোন্নতি কিংবা স্থান পরিবর্তনের শুভ যোগ তৈরি হচ্ছে। পরিবারে কোনও শুভ বা আনন্দ সংবাদ আসতে পারে। বহু দিন ধরে যে সমস্ত আইনি বা পারিবারিক সমস্যা আপনাকে বিদ্ধ করছিল, মহাদেবের কৃপায় সেগুলি এবার ধীরে ধীরে মিটে যাবে।
কুম্ভ রাশি (Aquarius): সম্পত্তি ক্রয়ের যোগ
মকর রাশির মতো কুম্ভ রাশির অধিপতিও শনিদেব। তাই শ্রাবণে মহাদেবের বিশেষ আশীর্বাদ থাকবে আপনার ওপরেও। এই রাশির জাতকদের আর্থিক স্থিতিতে এক অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাবে। অতীতে করা কোনও বিনিয়োগ, যা থেকে আশা অনুরূপ ফল মিলছিল না, তা থেকে আচমকাই ভালো অঙ্কের রিটার্ন পেতে পারেন। সোনাদানা, মূল্যবান ধাতু বা জমি-বাড়িতে বিনিয়োগের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, যার ফলে কর্মক্ষেত্রে কঠিন প্রজেক্ট সহজে সামলে নিতে পারবেন। সমাজ ও কর্মস্থলে আপনার মান-যশ ও সম্মান বৃদ্ধি পাবে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।