৩ রাশির জাতকদের জীবনে বাধা, দায়িত্ব এবং মানসিক চাপের মুখোমুখি হওয়ার প্রবণতা বেশি। জীবন সব সময় মসৃণ পথে চলে না। কারও ভাগ্যে সাফল্য আসে অল্প চেষ্টাতেই। আবার কাউকে সেই একই জায়গায় পৌঁছতে করতে হয় দীর্ঘ লড়াই। জ্যোতিষ মতে, ৩ রাশির জাতকদের জীবনে বাধা, দায়িত্ব এবং মানসিক চাপের মুখোমুখি হওয়ার প্রবণতা বেশি। তবে তাঁরা সহজে হাল ছাড়েন না। বরং কঠিন পরিস্থিতিই তাঁদের আরও দৃঢ় করে তোলে। বিশেষ করে তিন রাশির জাতকদের জীবনকে ঘিরে এমন ধারণা প্রচলিত। কারা রয়েছেন সেই তালিকায়?
১. মকর রাশি
মকর রাশির অধিপতি গ্রহ শনি। জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্ম, শৃঙ্খলা এবং ধৈর্যের প্রতীক বলে মনে করা হয়। সেই কারণে মকর রাশির জাতকদের জীবনে সাফল্য অনেক সময় দেরিতে আসে বলে বিশ্বাস করা হয়। অল্প বয়স থেকেই তাঁদের কাঁধে দায়িত্ব এসে পড়ে। পড়াশোনা, চাকরি কিংবা সংসার—সব ক্ষেত্রেই নিজেদের প্রমাণ করার চাপ থাকে। তবে এই রাশির জাতকেরা সাধারণত লক্ষ্য থেকে সহজে সরে আসেন না। ধীরে ধীরে এগিয়ে যাওয়াই তাঁদের বড় শক্তি।
২. বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের আবেগ এবং জেদ প্রবল বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। তাঁরা কোনও লক্ষ্য স্থির করলে তা অর্জনের জন্য শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। কিন্তু জীবনে বিশ্বাসভঙ্গ, সম্পর্কের টানাপড়েন কিংবা কর্মক্ষেত্রের প্রতিযোগিতা তাঁদের মানসিক ভাবে বিপর্যস্ত করতে পারে। বাইরে থেকে অনেক সময় তাঁদের শান্ত দেখালেও ভিতরে চলে নানা লড়াই। সেই অভিজ্ঞতা থেকেই তাঁরা নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি খুঁজে পান।
৩. কুম্ভ রাশি
কুম্ভ রাশির অধিপতি শনিই। এই রাশির জাতকেরা স্বাধীন ভাবে ভাবতে ভালবাসেন। প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কাজ করার প্রবণতা তাঁদের মধ্যে দেখা যায় বলে জ্যোতিষশাস্ত্রে ধারণা রয়েছে। ফলে পরিবার বা সমাজের সঙ্গে মতের অমিল হতে পারে। নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে একাকিত্বও অনুভব করতে পারেন। তবে নতুন কিছু করার ইচ্ছা তাঁদের এগিয়ে যেতে সাহায্য করে।