চাষাবাদের আগে থেকেই মদ খেত মানুষ, গাঁজা টানার নেশা কবে শুরু হল?অনেকেই মনে করেন বর্তমানে আমজনতার মধ্যে মদ বা গাঁজা খেয়ে নেশা করার চল অনেক বেড়েছে। কিন্তু আদতে তেমনটা সবসময় সত্যি নয়। মানুষ কিন্তু বহু আগে থেকেই মদ, গাঁজার মতো নেশা করত। নতুন গবেষণা দাবি করছে, মানুষ অন্তত ২৮০০ বছর ধরে গাঁজা সেবন করে আসছে। সাইবেরিয়ার একটি প্রাচীন সমাধিস্থল খননকারী প্রত্নতাত্ত্বিকরা এমন প্রমাণ পেয়েছেন যা থেকে বোঝা যায়, মানুষ তখনই নেশার জন্য গাঁজা ব্যবহার করত। ঐতিহাসিকরা বলছেন, এই আবিষ্কারটি গাঁজা ব্যবহারের এখন পর্যন্ত পাওয়া প্রাচীনতম প্রমাণগুলোর মধ্যে অন্যতম। সম্প্রতি, কয়েক শতাব্দী পুরোনো গাঁজার বীজ পাওয়া গেছে, যা থেকে ধারণা করা যায় যে, মানুষ খ্রিস্টপূর্ব ৮০০ অব্দেই গাঁজার নেশা সম্পর্কে ধারণা করেছিল।
তবে, গাঁজা ধূমপান করা হতো নাকি অন্য কোনো উপায়ে সেবন করা হতো, তা গবেষণায় স্পষ্ট হয়নি। বিজ্ঞানীরা এটিকে অন্ত্যেষ্টিক্রিয়া-সম্পর্কিত ধর্মীয় আচারের সঙ্গেও যুক্ত করেছেন। কিন্তু এই আবিষ্কারের সঙ্গে সঙ্গেই আর একটি প্রশ্ন উঠে আসছে, তা হল- গাঁজা নাকি অ্যালকোহল , কোনটি বেশি পুরোনো ? মানুষ কি প্রথমে গাঁজায় টান দিয়ে নেশা শুরু করেছিল? নাকি অ্য়ালকোহল দিয়ে? নাকি অ্যালকোহলের আগে মানুষ অন্য কোনও নেশা করত?
অ্যালকোহল বা মদের ইতিহাস গাঁজার ইতিহাসের চেয়ে হাজার হাজার বছরের পুরনো
অ্যালকোহলের ইতিহাস খুঁজলে দেখা যাচ্ছে, এটি গাঁজার ইতিহাসের চেয়ে অনেক পুরোনো। ইজরায়েলের একটি গুহা থেকে পাওয়া প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা গিয়েছে, মানুষ আজ থেকে প্রায় ১৩,০০০ বছর আগেই বিয়ারের মতো গাঁজানো পানীয় তৈরি করত। অ্যালকোহলের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক প্রমাণ প্রায় ১৩,০০০ বছর আগের। এখন পর্যন্ত পাওয়া প্রমাণ অনুসারে, গাঁজার আগে থেকেই অ্যালকোহল বা মদ খাওয়ার রেওয়াজ রয়েছে। তবে কেউ কেউ বলেন, এর মানে এই নয় যে মানুষ মাত্র ২,৮০০ বছর আগেই প্রথম গাঁজা ব্যবহার শুরু করেছিল। এমনও হতে পারে যে গাঁজা আরও আগে ব্যবহৃত হতো, কিন্তু এর কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।
অ্যালকোহল আসার আগে মানুষ কী খেত ও চিবাতো?
অ্যালকোহলের আগে নেশার ইতিহাস বুঝতে হলে আমাদের প্রায় ২৫,০০০ বছর পেছনে যেতে হবে। ইন্দোনেশিয়ার প্রত্নতাত্ত্বিক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, মদেরও আগের সময়ে মানুষ সুপারি চিবাতো। সুপারিতে আরেকলিন নামক একটি সক্রিয় উপাদান থাকে, যা মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এটি একটি উদ্দীপক প্রভাব তৈরি করতে পারে। তবে, এর প্রভাব অ্যালকোহল বা গাঁজার মতো ততটা তীব্র নয়। এশিয়ার অনেক দেশে এখনও পান পাতা দিয়ে সুপারি চিবানো হয়। এমনকি ভারতেও এর রেওয়াজ রয়েছে।