Char Dham Yatra 2026 Beginning Update: রবিবার খুলছে গঙ্গোত্রী-যমুনোত্রীর দ্বার, চারধাম যাত্রায় ভক্তদের ঢল

শনিবার থেকেই উত্তরাখণ্ডের পাহাড়ি পথে সাজ সাজ রব। গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা দিয়েছে মা গঙ্গার ডোলি। আজ সকালে মুখবা গ্রাম থেকে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে গঙ্গার বিগ্রহ নিয়ে রওনা হয়েছেন পুরোহিতরা।

Advertisement
রবিবার খুলছে গঙ্গোত্রী-যমুনোত্রীর দ্বার, চারধাম যাত্রায় ভক্তদের ঢল

Char Dham Yatra 2026 Beginning Update: অপেক্ষার অবসান ঘটিয়ে আগামিকাল, রবিবার অক্ষয় তৃতীয়ায় খুলে যাচ্ছে উত্তরাখণ্ডের বিশ্ববিখ্যাত চারধাম যাত্রার দুই প্রধান তীর্থক্ষেত্র, গঙ্গোত্রী ও যমুনোত্রীর দরজা। শীতকালীন বিরতির পর ফের ভক্তদের জন্য উন্মুক্ত হচ্ছে এই দুই মন্দিরের গর্ভগৃহ। বৈদিক মন্ত্রোচ্চারণ আর শঙ্খধ্বনির মাধ্যমে আগামিকাল ভোরে পুণ্যার্থীদের জন্য মন্দিরের কপাট খুলে দেওয়া হবে।

শনিবার থেকেই উত্তরাখণ্ডের পাহাড়ি পথে সাজ সাজ রব। গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা দিয়েছে মা গঙ্গার ডোলি। আজ সকালে মুখবা গ্রাম থেকে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে গঙ্গার বিগ্রহ নিয়ে রওনা হয়েছেন পুরোহিতরা। অন্যদিকে, খুরশালি গ্রাম থেকে মা যমুনার ডোলি পৌঁছাবে যমুনোত্রী ধামে। মন্দির চত্বর থেকে শুরু করে পাহাড়ি রাস্তা, সর্বত্রই এখন সাজো সাজো রব। রঙিন ফুল আর আলোকমালায় সেজে উঠেছে দেবভূমি।

উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, এবারেও চারধাম যাত্রাকে কেন্দ্র করে পুণ্যার্থীদের ভিড় রেকর্ড গড়তে পারে। আগামিকাল দুই ধামের দরজা খুললেও কেদারনাথের কপাট খুলবে আগামী ৫ মে এবং বদ্রীনাথ ধামের দ্বার উন্মোচন হবে ৮ মে। চারধাম যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছে। প্রতিটি চেকপোস্টে চলছে কড়া নজরদারি। বিশেষ করে পাহাড়ি রাস্তায় যানজট রুখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। যারা এই গরমে সমতলের দহনজ্বালা ছেড়ে হিমালয়ের শীতলতায় আধ্যাত্মিক শান্তি খুঁজছেন, তাঁদের জন্য আগামিকাল থেকে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

 

POST A COMMENT
Advertisement