কেদারনাথের ফতোয়া ইস্যুকেদারনাথ ছবির মাধ্যমেই বলিউডে যাত্রা শুরু করেছিলে সারা আলি খান। এরপর সময় পেলেই তিনি কেদারনাথ চলে যান। সেখানে তিনি মহাদেবের পুজো দেন। আর সেই অভিনেত্রীরই কেদারনাথ প্রবেশ নিয়ে নতুন ফতোয়া জারি হয়েছে। যতদূর খবর, এবার থেকে মন্দিরে প্রবেশ করতে চাইলে তাঁকে হলফনামা বা অ্যাফিডেভিট জমা দিতে হবে। নইলে মন্দিরে প্রবেশ করতে পারবেন সইফ কন্যা।
আসলে বর্তমানে বদ্রি এবং কেদার কমিটি মন্দিরে অহিন্দু প্রবেশ নিয়ে বিরাট পদক্ষেপ নিয়েছে। মন্দির কমিটি সূত্রে খবর, কোনও অহিন্দু যদি এই মন্দিরগুলিতে প্রবেশ করতে চান, তাহলে তাঁকে লিখিতভাবে জানাতে হবে যে তিনি সনাতম ধর্মের প্রতি বিশ্বাসী। তবেই মিলবে মন্দিরে প্রবেশের অধিকার।
আর এই ঘটনা সামনে আসার পরই তীব্র বিতর্ক শুরু হয়ে যায়। অনেকেই এই সব সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। এমনকী অনেকের মনেই জিজ্ঞাসা জাগে, পশ্চিমবঙ্গের বড় বড় সব মন্দিরে এই নিয়ম আছে কি? আর সেই উত্তরের খোঁজ করল bangla.aajtak.in।
তারাপীঠে কী নিয়ম?
৫১টি শক্তিপীঠের মধ্যে একটি তারাপীঠ। সারা দেশ থেকে ভক্তরা মা তারার পুজো দিতে এখানে উপস্থিত হন। আর এই মন্দিরে কি অহিন্দুদের প্রবেশ নিষেধ? এই প্রসঙ্গে মন্দির কমিটির অন্যতম সদস্য এবং মন্দিরের পাণ্ডা সজলকুমার ভট্টাচার্য বলেন, 'সব ধর্মের মানুষ মায়ের মন্দিরে আসতে পারেন। আমাদের এখানে এমন কোনও নিয়ম নেই। আমরা এই ধরনের ভেদাভেদে বিশ্বাস করি না। সব ধর্মের মানুষ তারাপীঠে স্বাগত।'
দক্ষিণেশ্বরেও কোনও বাধানিষেধ নেই
রানি রাসমণি ও শ্রীরামকৃষ্ণের স্মৃতিবিজড়িত এই মন্দির। এই মন্দিরের আরাধ্য দেবী মা কালী। এখানে মাকে ভবতারিণী রূপে পুজো করা হয়। সেই পুজো দেখতে হাজির হন দেশ বিদেশের মানুষ। এমনকী সেলিব্রিটিরাও লাইন দিয়ে এখানে পুজো দেন।
এই মন্দিরেও অন্য ধর্মের মানুষের প্রবেশে কোনও বাধা নেই বলে জানালেন মন্দিরের ট্রাস্টি কুশল চৌধুরী। তিনি বলেন, 'মায়ের মন্দিরে সব ধর্মের মানুষ প্রবেশ করতে পারেন। যতক্ষণ না তিনি অন্য ধর্মকে আঘাত করছেন, ততক্ষণ স্বাগত।'
আদ্যাপীঠেও সমস্যা নেই
পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে একটি হল আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরের কিছু দূরেই এই মন্দির অবস্থিত। এখানেও প্রচুর ভক্ত প্রতিদিন ভিড় করেন। আর এই মন্দিরেও দর্শনের ক্ষেত্রে কোনও ধর্মীয় ভেদাভেদ নেই। সব ধর্মের মানুষই দর্শন করতে পারেন।
তবে এখানকার মূল মন্দিরে নির্দিষ্ট সংখ্যক কিছু সাধু এবং ব্রহ্মচারীই যেতে পারেন। তার বাইরে সবার প্রবেশ নিষেধ।