মিনerva Academyলিভারপুলকে হারিয়ে দিল ভারতের ক্লাব। ইতিহাস গড়ে ফেলল মিনার্ভা পঞ্জাব অ্যাকাডেমি। তবে আরও অবাক হতে হয় স্কোরলাইন দেখে। কারণ ম্যাচের ফল ৬-০। শুক্রবার এমআইসি ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘রাউন্ড অফ ১৬’-র ম্যাচে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলের জুনিয়র টিমকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়ে ইতিহাস গড়েছেন ওয়াহেঙ্গবাম রাজ সিংরা। হ্যাটট্রিক এসেছে এই পঞ্জাব তনয়ের পা থেকে।
ম্যাচের দু'মিনিট থেকেই গোল করতে শুরু করে দিয়েছিলো মিনার্ভা পঞ্জাব। প্রথমে গোল করেন মহম্মদ আজম। নয় মিনিট পরেই মিনার্ভার লিড বাড়িয়ে ফেলেন অমরসন। ২৫ মিনিটে নিজের গোলের খাতা খোলেন রাজ। তিন মিনিট পরেই পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল এবং দলের চতুর্থ গোল করেন। ৩৬ মিনিটে মিনার্ভার পঞ্চম গোল করেন আজম। আর ৪৭ মিনিটে লিভারপুলকে হাফ-ডজন গোল মেরে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন রাজ।
মিনার্ভার চাপে প্রায় হাঁসফাঁস অবস্থা ইংল্যান্ডের বিখ্যাত ক্লাবের। ভাগ্য ভাল, এরপর আর তাদের গোল হজম করতে হয়নি। ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উৎসবে মেতে ওঠেন মিনার্ভা ফুটবলররা। আর হবে নাই বা কেন। এত বড় ক্লাবের বিরুদ্ধে ম্যাচে শাসন করে জয় আলাদা তৃপ্তি তো দেবেই। পাশাপাশি এই যুব ফুটবলররা যা করলেন তা তো ইতিহাস। ফলে তরুণ ফুটবলরদের মধ্যে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।
বিশ্বের বিভিন্ন প্রান্তের যুব দল নিয়ে প্রতি বছর ইস্টারের সময় কোস্টা ব্রাভায় সেই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবারের টুর্নামেন্ট শুরু হয়েছে গত ৩১ মার্চ। চলবে আগামী রবিবার (৫ এপ্রিল) পর্যন্ত। সেই ঐতিহ্যবাহী টুর্নামেন্টেরই কোয়ার্টার ফাইনালে উঠল মিনার্ভা। তারা যদি এবার চ্যাম্পিয়ন হয়ে যায়, তবে ভারতীয় ফুটবলের এই ডামাডোলের সময় সেটা হবে দারুণ ব্যাপার।