Asia Cup Hockey 2025, India Beat Kazakhstan: এশিয়া কাপ হকিতে অপ্রতিরোধ্য ভারত, কাজাখস্তানকে ১৫ গোলের মালা মেন ইন ব্লুজেরAsia Cup Hockey 2025, India Beat Kazakhstan: দাপট তো ছিলই, এবার যেন ঝড় তুলল টিম ইন্ডিয়া। হকি এশিয়া কাপে প্রথমে চিন, তারপর জাপান। এক এক করে শিকারের উপর পাঞ্জা কষেছে ‘মেন ইন ব্লু’। সুপার ফোরে জায়গা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে কাজাখস্তানের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ যেন হয়ে উঠল রীতিমতো গোলবন্যা। ১৫-০ গোলে একেবারে উড়িয়ে দেওয়া যাকে বলে, সেটাই করল ভারতীয় দল।
একাই চার গোল করলেন অভিষেক। হ্যাটট্রিক করলেন সুখজিৎ সিং ও যুগরাজ সিংও। এই জয়ের ফলে তিন ম্যাচে তিনটিতেই জিতে গ্রুপ ‘B’-র শীর্ষে থেকে সুপার ফোরে পৌঁছে গেল ভারত। তাদের সঙ্গে শেষ চারে জায়গা করে নিল চিন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া।
প্রথম থেকেই গোলবৃষ্টি
টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গিয়েছিল কাজাখস্তান। তাই তাদের কাছে হারানোর কিছু ছিল না। কিন্তু ভারত যেন নামল অন্য মুডে। ম্যাচের শুরু থেকেই একতরফা দাপট। প্রথম কোয়ার্টারের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। পঞ্চম ও অষ্টম মিনিটে পরপর গোল অভিষেকের। আর ১৫ মিনিটে ব্যবধান বাড়ান সুখজিৎ।
দ্বিতীয় কোয়ার্টারেও দাপট
২০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন অভিষেক। এরপর ২৪ থেকে ২৯ মিনিটের মধ্যে স্কোরবোর্ডে যোগ হয় আরও তিন গোল। একে একে নাম লেখান যুগরাজ, হরমনপ্রীত ও অমিত রোহিদাস। বিরতিতে যাওয়ার আগে স্কোর দাঁড়ায় ৭-০।
হাফটাইমের পরও একই ছবি
তৃতীয় কোয়ার্টারেও রাশ ছাড়েনি ভারত। কোয়ার্টারের শুরুতেই দ্বিতীয় গোল যুগরাজের। তার পরপরই গোল রাজিন্দর ও সুখজিতের। এরপর সুখজিত নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। তৃতীয় কোয়ার্টার শেষ হয় ১১-০ ব্যবধানে।
শেষ কোয়ার্টারেও ৪ গোল
শেষ কোয়ার্টারেও ক্ষান্ত হয়নি ভারত। ১২তম গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন যুগরাজ। এরপর গোল দিলপ্রীত ও সঞ্জয়ের। ম্যাচের অন্তিম লগ্নে নিজের চতুর্থ গোল করে ভারতীয় ঝড়ের শেষ সিলমোহর দেন অভিষেক।
ভারত ১৫ – কাজাখস্তান ০
এই ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করল ভারত। তিন ম্যাচে তিন জয়। গোলের বিচারে ভারত যে এই মুহূর্তে টুর্নামেন্টের অন্যতম সেরা ফর্মে থাকা দল, তা আর বলার অপেক্ষা রাখে না।