ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকোভিড পজ়িটিভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজ পর্তুগিজ় সকাল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। তবে ফেডারেশন এও জানিয়েছে যে রোনাল্ডোর শরীরে করোনার আপাতত কোনও উপসর্গ দেখতে পাওয়া যায়নি। শারীরিক পরীক্ষার পর রোনাল্ডোর নাম আপাতত পর্তুগাল দল থেকে বাদ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আগামীকাল সুইডেনের বিরুদ্ধে খেলতে নামবে পর্তুগাল।
ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জাতীয় দল থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আপাতত ছুটি দেওয়া হচ্ছে। সেকারণে তিনি আগামীকাল সুইডেনের বিরুদ্ধে খেলতে পারবেন না।
গত রবিবার নেশন লিগে ফ্রান্সের বিরুদ্ধে রোনাল্ডো শেষ ম্যাচ খেলেছিলেন। এই ম্যাচ ০-০ গোলে ড্র হয়। এমনকী গত সপ্তাহে স্পেনের বিরুদ্ধে যে প্রীতি ম্যাচে খেলেছিলেন তিনি, সেটাও ০-০ গোলে ড্র হয়েছে।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোনাল্ডোর আরও একবার পরীক্ষা করা হবে। পাশাপাশি পর্তুগাল ফুটবল দলের বাকি খেলোয়াড়দেরও পরীক্ষা করা হবে। তবে প্রথম পরীক্ষায় বাকি ফুটবলারদের নেগেটিভ এসেছিল।
সুইডেনের বিরুদ্ধে খেলতে নামার আগে আজ লিসবনে নিয়মমাফিক অনুশীলন ছিল পর্তুগালের।
তিনটে করে ম্যাচ খেলার পর পর্তুগাল এবং ফ্রান্স দুটো দলই সাত পয়েন্ট করে সংগ্রহ করেছে।
তবে রোনাল্ডো একা নন, চলতি বছরের শুরুর দিকে জুভেন্তাসের বেশ কয়েকজন ফুটবলার এই কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন। তাঁদের মধ্যে ডাইবালার মতো ফুটবল তারকাও রয়েছেন।
সবশেষে স্বস্তির খবর এটাই যে রোনাল্ডো শারীরিকভাবে আপাতত সুস্থ। আশা করা যায়, খুব শীঘ্রই তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।