CWG 2026: ওয়েটলিফটিংয়ে রেকর্ড হরজিন্দরের, ১০ হাজার মিটারে দ্বিতীয় গুলবীর, ভারতের ঝুলিতে আরও দুই রৌপ্য পদক

Glasgow 2026 Commonwealth Games: গ্লাসগো কমনওয়েলথ গেমসে ফের রেকর্ড গড়লেন ভারতীয় অ্যাথলিটরা। মঙ্গলবার ২টি রুপো জিতলেন হরজিন্দর কৌর ও গুলবীর সিং।

Advertisement
ওয়েটলিফটিংয়ে রেকর্ড হরজিন্দরের, ১০ হাজার মিটারে দ্বিতীয় গুলবীর, ভারতের ঝুলিতে আরও দুই রৌপ্য পদকভারতের ঝুলিতে আরও দুই রৌপ্য পদক
হাইলাইটস
  • এদিন ওয়েটলিফটিংয়ে রেকর্ড গড়েন হরজিন্দর কৌর।
  • প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ইতিহাসে নাম লেখালেন গুলবীর সিং।
  • গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে হল ১২।

কমনওয়েলথ গেমসে মঙ্গলবার দিনটা মোটের উপর ভালোই গেল ভারতের জন্য। এদিন সোনা না এলেও, দুটি রুপো জিতে সাড়া ফেললেন ভারতীয় অ্যাথলিটরা। আরও দুটি পদক জয়ের ফলে এখন পর্যন্ত এবারের কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদকের সংখ্যা বেড়ে হল ১২। 

মঙ্গলবার পদক জিতলেন কারা?

এদিন  ওয়েটলিফটিংয়ে রেকর্ড গড়েন হরজিন্দর কৌর। মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনের বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে রুপোর পদক জেতেন তিনি। অন্যদিকে ১০,০০০ মিটার ইভেন্টের ফাইনালে দ্বিতীয় হয়ে রুপো জিতেছেন গুলবীর সিং।

হরজিন্দর কৌর-এর রেকর্ড

বেড়ে গেল আরও একটি পদক (Commonwealth Games 2026)। রুপো জিতলেন হরজিন্দর কৌর। গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলন ইভেন্টে রৌপ্য পদক জয় করেছেন হরজিন্দর। এদিন তিনি নিজেই পরপর দুবার রেকর্ড গড়েন। প্রথমে ৯৯ কেজি ওজন তুলে নয়া রেকর্ড গড়েন এরপর নিজেই আবার  ১০১ কেজি সফলভাবে তুলে নিজের গড়া রেকর্ড আবারও ভেঙে দেন। হরজিন্দরের এই পদক জয়ের ফলে ওয়েটলিফটিংয়ে ভারতের মোট পদক সংখ্য়া বেড়ে হল ৭।

রুপো জিতলেন গুলবীরও

মঙ্গলবার কমনওয়েলথ গেমসে পুরুষদের ১০,০০০ মিটার ইভেন্টে পদক জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে  ইতিহাসে নাম লেখালেন গুলবীর সিং। প্রতিযোগিতার বেশিরভাগ সময় তিনি পিছিয়ে থাকলেও, শেষ পর্যায়ে এসে অবিশ্বাস্য গতিতে দৌড়ন এবং দ্বিতীয় স্থান জিতে দেশের জন্য রুপোর পদকটি নিশ্চিত করলেন। 

উত্তরপ্রদেশের এই অ্যাথলিটের বিশেষত্বই হল ৫,০০০ মিটার এবং ১০,০০০ মিটার দৌড়ে সাফল্য। ২০২৫ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জোড়া স্বর্ণপদক জিতেছিলেন তিনি। সেটিও ৫,০০০ মিটার এবং ১০,০০০ মিটারে। তার আগে ২০২২ সালের এশিয়ান গেমসে ১০,০০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন গুলবীর। 

ভারতের মোট পদক দেখে নিন

মঙ্গলবার দুই পদক জয়ের ফলে এখন পর্যন্ত  গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে হল ১২। এরমধ্যে ৭টি রয়েছে ওয়েটলিফটিংয়েই। এরমধ্যে দুটি সোনা, ৭টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পদক রয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement