Messi: ঠান্ডা লেগে মেসির জ্বর? সেমিফাইনালের আগে কী সব বলছেন ইংল্যান্ডের কোচ!

আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগে লিওনেল মেসিকে আটকাতে কোমর বেঁধে নেমে পড়েছে ইংল্যান্ড। মেসির জন্য মাস্টারপ্ল্যান ছকে রেখেছেন কোচ।

Advertisement
ঠান্ডা লেগে মেসির জ্বর? সেমিফাইনালের আগে কী সব বলছেন ইংল্যান্ডের কোচ!মেসির জ্বর?
হাইলাইটস
  • মেসিকে আটকাতে কোমর বেঁধে নেমে পড়েছে ইংল্যান্ড
  • মেসির জন্য মাস্টারপ্ল্যান ছকে রেখেছেন কোচ
  • সেমিফাইনালের আগে মেসির গায়ে জ্বর?

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগে লিওনেল মেসিকে আটকাতে কোমর বেঁধে নেমে পড়েছে ইংল্যান্ড। পুরনো ধাঁচের ম্যান-মার্কিং কৌশল ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। তবে তাতেও যদি লাভের লাভ না হয়? মাস্টারপ্ল্যানের কথা জানিয়েছেন ইংল্যান্ডের কোচ থমাস তুচেল। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই ম্যাচের বিজয়ী রবিবার বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হবে। চলতি বিশ্বকাপে কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন মেসি। ইংল্যান্ডের বিরুদ্ধে এটিই হতে চলেছে তাঁর কেরিয়ারের প্রথম ম্যাচ।

ম্যাচের আগে তুচেল বলেন, 'আমরা মেসিকে আটকাতে পুরনো ধাঁচের ম্যান-মার্কিং কৌশল ব্যবহার করার কথা ভেবেছি। এখনও নিশ্চিত নই, শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই নেব কি না। তবে বিষয়টি মাথায় এসেছে।'

তিনি বলেন, 'মেসি মাঠের কোন কোন জায়গায় বল পেতে চান, তা সবাই জানে। কিন্তু সমস্যা হল, অন্যদের তুলনায় অনেক আগেই তিনি পরিস্থিতি বুঝে ফেলেন।'

তুচেলের কথায়, 'ভিডিও বিশ্লেষণ করলে বোঝা যায়, মাঠে অন্যদের আগে ওঁ সবকিছু পড়ে ফেলতে পারে। বল ওঁর কাছে এসে পড়ে, ওঁ ফাঁকা জায়গা খুঁজে নেয়, বাঁ পায়ে শট নেওয়ার জন্য নিজের জায়গা তৈরি করে এবং সর্বোচ্চ মানের ফিনিশিং করে।' সেক্ষেত্রে মেসিকে রোখা কি সম্ভবই নয়? তুচেল নিছক মজা করে বলেন, 'তাহলে আশা করব মেসির যেন জ্বর এসে যায় ঠান্ডা লেগে।' অর্থাৎ বাঁ পায়ের জাদুকর যে অপ্রতিরোধ্য তা একপ্রকার স্বীকারই করে নিচ্ছেন ইংল্যান্ডের কোচ। 

চলতি বিশ্বকাপে ৮টি গোলের পাশাপাশি ২টি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। তুচেলের মতে, আর্জেন্টিনার খেলায় কিছু নির্দিষ্ট প্যাটার্ন তাঁরা খুঁজে পেয়েছেন। কিন্তু সেই পথ বন্ধ করে দিলেও মেসি নতুন রাস্তা বের করে নিতে পারেন।

ইংল্যান্ড কোচ বলেন, 'আমরা যদি ওদের একটি পরিকল্পনা আটকে দিই, মেসি নতুন পরিকল্পনা তৈরি করে ফেলবে। এটাই ওঁর সবচেয়ে বড় শক্তি।' তিনি আরও বলেন, 'বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা যেমন বিশেষ অভিজ্ঞতা, তেমনই মেসির মতো ফুটবলারের বিরুদ্ধে নামাও অনন্য। ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার লড়াই সবদিক থেকেই বড় ম্যাচ। ইতিহাস নয়, লক্ষ্য শুধু ফাইনাল।'

Advertisement

ইংল্যান্ড ও আর্জেন্টিনার দীর্ঘদিনের ফুটবল-প্রতিদ্বন্দ্বিতাকে বাড়তি প্রেরণা হিসেবে ব্যবহার করতে চান না তুচেল। তাঁর কথায়, 'আমরা অতীতের ঘটনাকে প্রেরণা হিসেবে ব্যবহার করছি না। আমরা জানি কেন এখানে এসেছি এবং কী চাই। আমরা সেমিফাইনালে পৌঁছেছি, আরও একটি জয় চাই। প্রতিপক্ষকে সম্মান করি, কিন্তু ইতিহাস টেনে এনে ম্যাচটাকে আরও বড় করে দেখার প্রয়োজন নেই। এটা বড় ফুটবল ম্যাচ, বড় মঞ্চ। আমরা প্রস্তুত।'

দল প্রায় সম্পূর্ণ ফিট
সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা নেই বলেই জানিয়েছেন তুচেল। কেবল ভাঙা হাতের চোটের কারণে জর্ডান হেন্ডারসন খেলতে পারবেন না। এছাড়া সাসপেনশনের জন্য দলে থাকবেন না জারেল কোয়ানসাহ।

কঠিন পথ পেরিয়ে শেষ চারে
শেষ চারে ওঠার পথে ইংল্যান্ডকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে বলেও উল্লেখ করেন কোচ। কঙ্গোর বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয়, অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় এবং মিয়ামির তীব্র গরমে নরওয়ের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে জয়, সব মিলিয়ে দলকে কঠিন লড়াই করতে হয়েছে।

তুচেল বলেন, 'নকআউট পর্বের প্রতিটি ম্যাচই স্নায়ুর পরীক্ষা। লাল কার্ড, পিছিয়ে পড়া, VAR পরীক্ষা, অতিরিক্ত সময়, সবকিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে। উচ্চতায় খেলেছি, প্রচণ্ড গরমে খেলেছি, বারবার সফর করতে হয়েছে। সব মিলিয়ে এটা মানসিক ও শারীরিকভাবে ক্লান্তিকর।'

তবে এই চ্যালেঞ্জই তাঁকে আরও অনুপ্রাণিত করছে বলে জানিয়েছেন ইংল্যান্ড কোচ। তাঁর কথায়, 'এই চ্যালেঞ্জই আমাকে জীবন্ত অনুভব করায়। আমি এই কাজটাকে এতটাই ভালোবাসি যে প্রতিদিন নতুন শক্তি পাই।'

ম্যাচের ফাঁকে কীভাবে নিজেকে সতেজ রাখেন, সেই প্রশ্নের উত্তরে তুচেল বলেন, সকালে শরীরচর্চা করেন। কখনও সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন, আবার কখনও হাতে আইসক্রিম নিয়ে ১৫ মিনিট খোলা আকাশের নিচে সময় কাটান। তাঁর মতে, 'কখনও কখনও এতটুকুই যথেষ্ট, নিজেকে আবার নতুন করে ফিরে পাওয়ার জন্য।'

 

POST A COMMENT
Advertisement