
টেনিস কোর্টের কিংবদন্তি নোভাক জোকোভিচ। তাঁর নাম শুনলেই ভেসে ওঠে গ্র্যান্ড স্ল্যামের ঝলক। কিন্তু সেই জোকোভিচই এবার জানালেন, ক্রিকেটের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়েছে বিরাট কোহলিকে দেখেই। দুই ভিন্ন খেলার দুই মহাতারকার এই বন্ধুত্ব এখন ক্রীড়াজগতের অন্যতম আকর্ষণীয় বিষয়।
জোকোভিচ স্বীকার করেছেন, তাঁর দেশ সার্বিয়ায় ক্রিকেট জনপ্রিয় নয়। ফলে আগে এই খেলায় তাঁর বিশেষ আগ্রহ ছিল না। তবে কোহলির সঙ্গে পরিচয় ও যোগাযোগের পরই সেই ছবিটা বদলে যায়। তাঁর কথায়, 'কোহলি আমার বন্ধু। ওকে আমি খুব শ্রদ্ধা করি। সত্যি বলতে, ওর জন্যই আমার ক্রিকেট দেখা শুরু।'
দুই তারকার খেলার মঞ্চ আলাদা হলেও তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় কথোপকথন থেকে শুরু করে একে অপরের প্রতি সম্মান, সব মিলিয়ে এই সম্পর্ক এখন ভক্তদের কাছেও বেশ আলোচনার বিষয়।
শুধু কথাতেই নয়, কাজেও সেই বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে চান জোকোভিচ। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই তাঁর ভারতে আসার পরিকল্পনা রয়েছে। আর সেই সফরেই কোহলির সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। জোকোভিচ বলেন, 'আমি যখন ভারতে আসব, আশা করি কোহলি আমার সঙ্গে থাকবে। আমরা একসঙ্গে একটু টেনিস খেলব, আবার ক্রিকেটও খেলব, সব মিলিয়ে দারুণ সময় কাটাব।'
ভারত নিয়ে তাঁর আলাদা টানও স্পষ্ট। তিনি জানান, এ দেশের দর্শকদের কাছ থেকে বরাবরই প্রচুর ভালোবাসা পেয়েছেন এবং সেই কারণেই ভারতে এসে তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান।
একইসঙ্গে বর্তমান টেনিস দুনিয়ার নতুন প্রজন্ম নিয়েও মন্তব্য করেছেন জোকোভিচ। কার্লোস আলকারাজ ও জানিক সিনারের প্রতিদ্বন্দ্বিতাকে তিনি গুরুত্ব দিলেও, নিজের সময়ের ‘বিগ থ্রি’ রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল এবং তিনি নিজে, এই ত্রয়ীর লড়াইকেই সেরা বলে উল্লেখ করেছেন।