বিশ্বকাপ হাতে কপিল দেব ১৯৮৩ সালে আজকের দিনেই কপিল দেবের (Kapil Dev) হাত ধরে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল (World Cup) ভারত (India)। ৩৯ বছর আগে লর্ডসে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উঠতি ক্রিকেটারদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন কপিল দেব, সুনীল গাভাস্কররা। সেই বিশ্বকাপ জয় গোটা দেশকে দারুণ আনন্দ দিয়েছিল। সেই সময়কার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে আইসিসি। তারা লিখেছে, '১৯৮৩ সালের আজকের দিনেই ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত।'
১৯৮৩-র সেই বিশ্বকাপ জয়ে সকল দেশবাসির মত আনন্দে মজেছিলেন মুম্বইয়ের ছোট্ট শিশু সচিন তেন্ডুলকরও। ভারতের এই বিশ্বকাপ জয়ই সচিনকে ক্রিকেটে আসতে অনুপ্রেরিত করেছিল। এ কথা আগেও জানিয়েছেন তিনি। আর এবার এই বিশ্বজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা পোস্ট করলেন সচিন। লিখলেন,'জীবনের কিছু মুহুর্ত আপনাকে অনুপ্রেরিত করে এবং আপনাকে স্বপ্ন দেখাতে শেখায়।'
আরও পড়ুন: শ্রীলঙ্কার মাঠে অস্ট্রেলিয়ার জয়গান, শুনে অভিভুত ম্যাক্সওয়েলরা
আরও পড়ুন: IPL দেখতে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ, জানালেন রামিজ
এদিন সোশ্যাল মিডিয়ায় কপিল দেবের বিশ্বকাপ ধরে থাকার সেই আইকনিক ছবি এবং কবির খান পরিচালিত ৮৩ সিনেমার একটি অংশের স্ক্রিনশট তুলে সচিন লিখেছেন, 'জীবনের কিছু মুহুর্ত আপনাকে অনুপ্রেরিত করে এবং আপনাকে স্বপ্ন দেখাতে শেখায়। ১৯৮৩ সালে আজকের দিনে, আমরা প্রথমবার বিশ্বকাপ জিতেছিলাম। সেই মুহুর্ত থেকে আমি জানতাম, আমাকেও এটি করতে হবে।' জীবনের শেষ বিশ্বকাপে এসে নিজের স্বপ্ন পূর্ণ করতে পেরেছিলেন সচিন। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে বিশ্বকাপ জয় করেছিল ভারত। তাও আবার সচিনের ঘরের মাঠ ওয়াংখেড়েতে। শ্রীলঙ্কাকে হারিয়ে।