ভারত বনাম পাকিস্তানআবার মুখোমুখি ভারত ও পাকিস্তান। তবে এবার ক্রিকেটে নয়, হকি বিশ্বকাপে একই গ্রুপে রাখা হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দলকে। গ্রুপের অপর দুটি দল হলো ইংল্যান্ড ও ওয়েলস। এ বছর আগস্ট মাসে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে বেশ কঠিন গ্রুপে পড়তে হল ভারতীয় হকি দলকে।
শেষবার ২০২৪ সালের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ও পাকিস্তান সর্বশেষ মুখোমুখি হয়েছিল, যেখানে ভারত ২-১ ব্যবধানে জয়লাভ করে। যদিও সাম্প্রতিক সময়ে ভারত এগিয়ে থাকলেও, মুখোমুখি লড়াইয়ের সামগ্রিক রেকর্ডে পাকিস্তান এখনও সুবিধাজনক অবস্থানে রয়েছে। বিশ্বকাপের ঠিক আগে এফআইএইচ প্রো লিগেও দল দুটি মুখোমুখি হবে।
অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে আর্জেন্টিনা, নিউজিল্যান্ড ও জাপানের সঙ্গে ‘এ’ পুলে রাখা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স ও মালয়েশিয়ার সঙ্গে ‘বি’ পুলে রয়েছে।
এফআইএইচ পুরুষদের বিশ্বকাপে কোন পুলে কারা?
পুল এ: নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, জাপান (ম্যাচগুলি অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসে)
পুল বি: বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, মালয়েশিয়া (ম্যাচগুলি অনুষ্ঠিত হবে বেলজিয়ামে)
পুল সি: অস্ট্রেলিয়া, স্পেন, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা (ম্যাচগুলি অনুষ্ঠিত হবে বেলজিয়ামে)
পুল ডি: ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েলস (ম্যাচগুলি অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসে)
মহিলা দলের জন্য কঠিন গ্রুপ
ভারতীয় মহিলা দলকেও 'ডি' পুলে রাখা হয়েছে এবং তারা এশিয়ার অন্যতম শক্তি চীন, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। হায়দ্রাবাদে সম্প্রতি সমাপ্ত হওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে শোয়ের্ড মারাইনের নেতৃত্বাধীন দলটি ইংল্যান্ডের কাছে ০-২ গোলে হেরেছিল।
এফআইএইচ মহিলা বিশ্বকাপে কোন পুলে কোন দল?
পুল এ: নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, চিলি, জাপান (ম্যাচগুলি অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসে)
পুল বি: আর্জেন্টিনা, জার্মানি, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড (ম্যাচগুলি অনুষ্ঠিত হবে বেলজিয়ামে)
পুল সি: বেলজিয়াম, স্পেন, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড (ম্যাচগুলি অনুষ্ঠিত হবে বেলজিয়ামে )
পুল ডি: চীন, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা (ম্যাচগুলি অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসে)