Messi: 'এই ক্ষত সারতে সময় লাগবে...,' কান্না থামিয়ে মুখ খুললেন মেসি

২০২৬-এ নীল-সাদা জার্সিতে জীবনের শেষ ম্যাচে মেসির হাতছাড়া হল স্বপ্ন। স্পেনের কাছে ১-০ গোলে হেরে গিয়ে 'লাস্ট ডান্স'-এর তাল কাটল বাঁ পায়ের জাদুকরের। পরাজয়ের পর মুখ খুললেন তিনি। বললেন, 'এ ক্ষত পূরণ হওয়ার নয়।'

Advertisement
'এই ক্ষত সারতে সময় লাগবে...,' কান্না থামিয়ে মুখ খুললেন মেসিমেসি
হাইলাইটস
  • জীবনের শেষ ম্যাচে মেসির হাতছাড়া হল স্বপ্ন
  • 'লাস্ট ডান্স'-এর তাল কাটল বাঁ পায়ের জাদুকরের
  • পরাজয়ের পর মুখ খুললেন তিনি

কথায় আছে, শেষ ভাল যাঁর, সব ভাল তাঁর। কিন্তু ফুটবলের ম্যাজিশিয়ান মেসির শেষটা ভাল হল না। ২০২২ সালে স্বপ্নপূরণ হয়েছিল। আর ২০২৬-এ নীল-সাদা জার্সিতে জীবনের শেষ ম্যাচে মেসির হাতছাড়া হল সেই স্বপ্নকে দ্বিতীয়বার বাস্তব রূপ দেওয়ার সুযোগ। স্পেনের কাছে ১-০ গোলে হেরে গিয়ে 'লাস্ট ডান্স'-এর তাল কাটল বাঁ পায়ের জাদুকরের। পরাজয়ের পর মুখ খুললেন তিনি। বললেন, 'এ ক্ষত পূরণ হওয়ার নয়।'

তবে তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে টিমকে তুলে নিয়ে আসা ক্যাপ্টেন মেসির গলায় সতীর্থদের জন্য শোনা গেল গর্বের সুর। বিশ্বকাপ ফাইনালে হারের একদিন পর মেসি ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করেছেন। পরাজয়ের এই গ্লানি থেকে বেরিয়ে আসতে বেশ কিছুটা সময় লাগবে তাঁর, এমনটাই জানিয়েছেন মেসি। তবে টিমের সাফল্য কোনও মতেই খাটো করে দেখতে চান না তিনি। 

মেসি বলেন, 'এই ক্ষত গভীর। অনেকটা সময় লাগবে এই ক্ষত সারতে। তবে যা কিছু ভাল, তা নিয়েই থাকতে চাই আমি। যে ম্যাচগুলি জিততে আমরা নিজেদের সর্বস্ব উজার করে দিয়েছিলেন, তা স্মৃতিতে থাকবে আজীবন। গোটা দেশের সমর্থন, সকলের অক্লান্ত পরিশ্রম, এই টিমের প্রচেষ্টা, এই সবের কারণেই আমরা এবার ফের সেরা টিমগুলোর অন্যতম হতে পেরেছি। অস্বীকার করার উপায় নেই, এই টিমই পরপর ২ বার বিশ্বকাপের ফাইনাল খেলেছে।'

আর্জেন্টিনা দলকে নাগাড়ে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য ফ্যানেদের ধন্যবাদ জানান মেসি। সঙ্গে কাপ জয়ের জন্য অভিনন্দন জানান স্পেনকেও। তিনি বলেন, 'প্রত্যেকটা বার্তা, প্রত্যেকটা শুভেচ্ছার জন্য সকলকে হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। ফের আমরা সকলকে একজোট করতে সক্ষম হয়েছিলাম। আর্জেন্টিনার মানুষ হিসেবে আমি গর্বিত।'

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের বিশ্বকাপের সফর শুরু করেছিলেন মেসিরা। তাঁর নেতৃত্বে আলবিসেলেস্তেরা নকআউট পর্ব শত বাধা সত্ত্বেও টপকে এসেছিল। রাউন্ড অফ ১৬-তে ২ গোলে পিছিয়ে থেকেও মিশরের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করেন মেসিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিতেও নাটকীয় ভাবে জয় পায় নীল-সাদারা। 

Advertisement

বড় ম্যাচে মেসির অনবদ্য পারফর্ম্যান্সে প্রশংসিত হয়েছে। তবে লুই দে লা ফুয়েন্তের স্পেন মেসিদের সেই সাফল্য শেষ পর্যন্ত আর ধরে রাখতে দিল না। স্পেন আর্জেন্টিনাকে ফাইনালে একচুলও জমি ছাড়েনি। মেসিকেও বিপজ্জনক এলাকায় ম্যান মার্কিন করে রাখে তারা। ফেরান টোরেস ম্যাচের অতিরিক্ত সময়ে ত্রাতা হয়ে ওঠেন। তাঁর গোলেই ১৬ বছর পর শেষ পর্যন্ত জয় আসে। 

৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করে টুর্নামেন্ট শেষ করেন মেসি। তবে ফাইনালে ম্যাচ তিনি বোতলবন্দি হয়েই রইলেন। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই জয়ের নেপথ্য কারিগর ছিলেন তিনি। হয় গোল করেছেন, না হয় করিয়েছেন। তবে শেষ ম্যাচ তাঁর স্পার্ক ছিল অধরা।  

পরিসংখ্যানই আর্জেন্টিনার লড়াইয়ের চিত্র স্পষ্ট করে দিয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন দলটি বিশ্বকাপ ফাইনালের ৯০ মিনিটে একটিও শট নিতে পারেনি। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে যা প্রথম। গোলমুখে হোক বা গোলের বাইরে, তাদের প্রথম শট আসে ম্যাচের ১১৬তম মিনিটে। ততক্ষণে তারা ১-০ গোলে পিছিয়ে পড়েছে এবং মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনে নেমে এসেছে। 

ফাইনালে লিওনেল মেসির ওপর আর্জেন্টিনার অতিরিক্ত নির্ভরশীলতাও স্পষ্ট হয়ে ওঠে। গোটা টুর্নামেন্টে ৩৯ বছর বয়সি এই তারকা গুরুত্বপূর্ণ গোল ও অ্যাসিস্ট করে বারবার দলকে রক্ষা করেছিলেন। কিন্তু ফাইনালে স্পেন তাঁকে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে দেয়নি এবং আর্জেন্টিনার আক্রমণভাগকে কার্যত নিষ্ক্রিয় করে দেয়। 

অন্যদিকে, স্পেনের বেঞ্চের ফুটবলাররা ম্যাচে নতুন উদ্যম এনে দেন। বদলি হিসেবে নেমে ম্যাচের একমাত্র গোল করা ফেরান তোরেস এবং নিকো উইলিয়ামস শেষ মুহূর্তে গতির সঙ্গে সরাসরি আক্রমণের ধার বাড়িয়ে দেন। তাঁদের প্রভাবেই শেষ পর্যন্ত আর্জেন্টিনার রক্ষণ ভেঙে জয়ের রাস্তা খুঁজে পায় স্পেন।

জয়ের পর স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, 'আমার মনে হয় ম্যাচের নিষ্পত্তি আরও অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। এমিলিয়ানো মার্তিনেজের একের পর এক দুর্দান্ত সেভের কারণেই আমরা আরও আগে জিততে পারিনি।' তিনি আরও বলেন, 'তবে এটা বিশ্বকাপের ফাইনাল। প্রতিপক্ষ ১০ জনে নেমে গেলেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হয়। আমরা সব ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুত ছিলাম।'

 

POST A COMMENT
Advertisement