লিওনেল মেসিইতিমধ্যেই নকডাউটে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। চূড়ান্ত হয়ে গিয়েছে রাউন্ড অফ ৩২-এ খেলার দিনক্ষণ এবং প্রতিপক্ষও। সাড়ে ৫ লক্ষের দেশ, বিশ্বকাপে ডেবিউ করা কেপ ভার্দের বিরুদ্ধে মাঠে নামবে নীল-সাদা জার্সিধারীরা। এখন প্রশ্ন, শনিবার জর্ডানের বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপ 'J'-র অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ম্যাচে কি আদৌ মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে?
দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, নকআউট পর্বে ওঠা নিশ্চিত হয়ে যাওয়ায় তারকা ফুটবলারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পূর্ণ ৯০ মিনিট দেখা না গেলেও ম্যাচের মাঝে কোনও এক সময়ে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে মেসিকে।
চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন মেসি। আলজেরিয়া এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে ২টি ম্যাচে আর্জেন্টিনার করা ৫টি গোলই এসেছে তাঁর পা থেকে। সেই পারফরম্যান্সের সুবাদেই এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ 'J'-তে শীর্ষস্থান নিশ্চিত করেছে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে স্কালোনি বলেন, 'লিও বেঞ্চ থেকেই শুরু করবে। পরে ওকে কিছু সময়ের জন্য মাঠে নামানো হবে।'
স্কোয়াডে রোটেশন
মেসিকে বিশ্রাম দেওয়া হলেও আর্জেন্টিনা কোনওভাবেই দুর্বল দল নামাচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন স্কালোনি। তাঁর মতে, দলে থাকা প্রত্যেক ফুটবলারই জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার যোগ্যতা অর্জন করেছেন। তিনি আরও বলেন, 'যাঁরা আগামীকাল খেলবেন, তাঁরা খেলার যোগ্য বলেই খেলবেন। তাঁরা দলের গুরুত্বপূর্ণ অংশ। অনুশীলনে তাঁরা যে পরিশ্রম করেছেন, তারই ফল এটি।' আর্জেন্টিনা কোচের লক্ষ্য, দলের পারফরম্যান্স যেন কোনও নির্দিষ্ট ফুটবলারের উপর নির্ভরশীল না হয়। তাঁর কথায়, 'একজন কোচ হিসেবে আমার স্বপ্ন, যে ফুটবলারই খেলুক না কেন, দল যেন একই মানের পারফরম্যান্স দিতে পারে।' স্কালোনি আরও বলেন, 'আপনি যদি আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নামেন, তা হলে ম্যাচটি পয়েন্টের দিক থেকে গুরুত্বপূর্ণ হোক বা না হোক, জয়ের জন্য নিজের সেরাটা দিতেই হবে।'
জর্ডন কি দুর্বল প্রতিপক্ষ?
বিশ্বকাপে নিজেদের অভিষেক অভিযানে টানা ২ ম্যাচ হেরে ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে জর্ডন। তবে প্রতিপক্ষকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি। তিনি জানান, জর্ডন সাধারণত ৫ জন ডিফেন্ডার নিয়ে রক্ষণ সাজায়। ফলে ম্যাচে আক্রমণভাগে সমস্যার মুখে পড়লে আর্জেন্টিনাকে কৌশলে পরিবর্তন আনতে হতে পারে।
গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে যেতে মরিয়া আর্জেন্টিনা। অন্যদিকে, বিশ্বকাপের প্রথম অভিযান অন্তত একটি ইতিবাচক ফল দিয়ে শেষ করতে চাইবে জর্ডন। অপেক্ষা রবিবার ভোর সাড়ে ৭টার।