সেবাস্টিয়ান সাওয়ে৪২ কিলোমিটার অতিক্রম করলেন মাত্র ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ডে। লন্ডন ম্যারাথনে ইতিহাস গড়লেন কেনিয়ার সেবাস্টিয়ান সাওয়ে। কেনিয়ার কেলভিন কিপটুম ২০২৩ সালে শিকাগোতে যে বিশ্ব রেকর্ড (২:০০:৩৫) গড়েছিলেন, সাওয়ে আজ সেটি ভাঙলেন অবিশ্বাস্য ৬৫ সেকেন্ডের ব্যবধানে। তবে শুধু পুরুষ বিভাগে নয়, রেকর্ড হয়েছে মহিলা বিভাগেও।
সাওয়ে ছাড়াও দ্বিতীয় হওয়া ইথিওপিয়ার ইয়োমিফ কেজেলচাও ২ ঘণ্টার নিচে (১:৫৯:৪১) দৌড় শেষ করেছেন। আর ২ ঘণ্টা ০০ মিনিট ২৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হওয়া উগান্ডার জ্যাকব কিপলিমোও কিপটুমের আগের বিশ্ব রেকর্ডটি ৭ সেকেন্ডের ব্যবধানে ছাড়িয়েছেন। টানা দ্বিতীয়বার লন্ডন ম্যারাথন জয়ের পর আবেগপ্লুত সাওয়ে বলেন, 'আজকের এই জয় শুধু আমার একার নয়, লন্ডনে থাকা আমাদের সবার জয়।'
আগের রেকর্ড কত ছিল?
সাওয়ে ম্যারাথনের দ্বিতীয় ভাগ দৌড়ান মাত্র ৫৯ মিনিট ০১ সেকেন্ডে। ৩০ কিলোমিটার পর্যন্ত কেজেলচা তাঁর সঙ্গে পাল্লা দিলেও শেষ ২ কিলোমিটারে একক আধিপত্য বিস্তার করেন সাওয়ে। এর আগে ২০১৯ সালের অক্টোবরে কেনিয়ার কিংবদন্তি এলিউড কিপচোগে ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪০ সেকেন্ডে ম্যারাথন শেষ করেছিলেন। তবে কিপচোগে বিশেষ জুতা পরে দৌড়ানোয়, ও আরও কিছু নিয়ম না মানায় ও প্রতিযোগিতাটি উন্মুক্ত ইভেন্ট না হওয়ায় সেটি বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি পায়নি। সাওয়ে আজ অ্যাডিডাসের ১০০ গ্রামের কম ওজনের নতুন ‘প্রো ইভো ৩’ সুপার শু পরে সেই আক্ষেপ মেটালেন।
মেয়েদের বিভাগেও বিশ্বরেকর্ড
বিশ্ব রেকর্ড হয়েছে লন্ডন ম্যারাথনের মেয়েদের বিভাগেও। বর্তমান অলিম্পিক ও বিশ্ব সিলভার মেডেলিস্ট ইথিওপিয়ার টিগস্ট আসেফা কেনিয়ার হেলেন ওবিরি ও জয়সিলিন জেপকোসগেইর সঙ্গে লড়াই শেষে ২ ঘণ্টা ১৫ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। কেবল মহিলারা দৌড়ান (উইমেন্স অনলি), এমন ম্যারাথনে এটিই এখন নতুন বিশ্ব রেকর্ড। এটি গত বছর একই কোর্সে গড়া আসেফার নিজের রেকর্ডের চেয়ে ৯ সেকেন্ড কম।