মেসিকে ফের কলকাতায় আনবেন? কী বলছেন শতদ্রু?মিশরের বিরুদ্ধে টানটান উত্তেজনার ম্যাচে গোল করে, গোল করিয়ে ফের সুপারহিরো মেসি। রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনার কামব্যাকের নায়ক তিনিই। মঙ্গলবার রাতে এই অনবদ্য খেলা শেষে যখন বাংলার ফুটবলপ্রেমীরা মেসি বন্দনায় মেতে, তখন বড়সড় ইঙ্গিত দেন শতদ্রু দত্ত। তবে কি ফের কলকাতায় GOAT-কে আনতে চলেছেন তিনি? bangla.aajtak.in-কে জানালেন তাঁর প্ল্যানের কথা...
ফের কলকাতায় আসবেন মেসি?
আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ শেষেই শতদ্রু দত্ত নিজের ওয়ালে ইঙ্গিতবহ পোস্ট করেন। তিনি লেখেন, 'আসছে বছর আবার হবে... কথা দিলাম। 🐐 ❤️' এই পোস্ট নজরে পড়ার পর থেকেই আশায় বুক বেঁধেছেন মেসিপ্রেমীরা। সকলেরই প্রশ্ন, তবে কি আগামী বছর ফের শহরে পা রাখবেন বাঁ পায়ের জাদুকর? bangla.aajtak.in-কে শতদ্রু এ প্রসঙ্গে বলেন, 'সব সময়ই বলছি, মেসিকে আরও একবার আনার চেষ্টা করব। অনেক কষ্ট করে তো ওঁকে কলকাতায় এনেছিলাম। তারপর যেভাবে আমার ইভেন্টকে স্যাবটাজ করে দেওয়া হল, তাতে আমাকেই ভিলেন বানানো হয়েছিল। আসতে আসতে মানুষ সত্যিটা জানতে পারল। যাঁরা সেদিন এসেছিল, মেসি ফ্যানেরা, তাঁদের তো কোনও দোষ ছিল না। অপূর্ণ স্বপ্ন রয়ে গিয়েছে আমার। মেসিকে আমি দেখাতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত কিছু লোকের জন্য এবং পুলিশের গাফিলতির জন্য পারিনি। চেষ্টা করব, আমার একটা কথা চলছে আরও একবার কলকাতায় আনার ওঁকে।'

শীঘ্রই মিয়ামি যাচ্ছেন শতদ্রু দত্ত। মিটিং করবেন মেসির টিমের সঙ্গে। তাঁর বক্তব্য, 'বিশ্বকাপের মাঝেই যাচ্ছি মিয়ামি। বিশ্বকাপের পর মিটিং করব। দেখি আমার প্রচেষ্টা কতদূর এগোয়।' যুবভারতী ক্রীড়াঙ্গনে GOAT ইভেন্টকে কেন্দ্র করে যে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে কার্যতই বিরক্ত হয় মেসির টিম। লেজেন্ডের নিরাপত্তার খাতিরে তাঁর নিরাপত্তারক্ষীরা ইভেন্ট শেষ না করেই মেসিকে স্টেডিয়াম থেকে বের করে নিয়ে যেতে বাধ্য হন। ফলত ফুটবলের রাজপুত্রকে একবার চোখের সামনে বল নিয়ে ড্রিবলিং করতে দেখার আক্ষেপ রয়ে গিয়েছে ফ্যানেদের। তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের তাঁকে বারবার জাপটে ধরা এবং নেতা-মন্ত্রীদের পরিজনেদের মেসিকে ঘিরে দেদার সেলফি তুলতে থাকা দেখেছে গোটা দেশ, এমনকী বিশ্বও। মেসির টিমের পক্ষ থেকেও একটি চিঠি লিখে এই মর্মে উষ্মা প্রকাশ করা হয়েছে।
এতকিছুর পরও কি মেসি ফের কলকাতায় আসতে রাজি হবেন? শতদ্রু বলেন, 'এখন নতুন সরকার। নতুন মুখ্যমন্ত্রী। তাঁরা সমস্ত বিষয় নিয়ে খুবই সিরিয়াস। বাকি যে রাজ্যগুলিতে GOAT ইভেন্টের আয়োজন হয়েছিল, তার মধ্যে ২টো রাজ্য BJP শাসিত ছিল। ফলে সকলেই দেখেছে নিরাপত্তার বন্দোবস্ত কেমন ছিল, সরকারের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। এখন খুবই প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হয়েছে, তবে আশা করি আমাদের নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এরকমটা আর হবে না।'
মেসি কি এবার কলকাতায় এসে ম্যাচ থেলবেন?
শতদ্রু বলেন, 'মেসির তো বাচ্চাদের সঙ্গে খেলারই কথা ছিল। ওঁর খেলার খরচ আর কেবলমাত্র ইভেন্টে আসার খরচ আাদা। আমি তো আ চুরি-ডাকাতি করে ওঁকে আনতে পারব না। এমনিতেই যুবভারতীর টিকিটের দাম নিয়ে আপত্তি ছিল অনেকের। মেসি বিশ্বকাপের পর অবসর নিচ্ছেন, এবার যেখানে খেলবেন, সেখানে কথা বলতে হবে। আমি চেষ্টা করছি, মেসিকে অন্য ফরম্যাটে নিয়ে আসার। ভিন্ন ধরনের কিছু পরিকল্পনা রয়েছে আমার।'
নেইমারকেও আনবেন শতদ্রু?
বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে গিয়েছে। অবসর ঘোষণা করেছেন নেইমারও। সেই স্টারকেও নিয়ে আসার পরিকল্পনা রয়েছে শতদ্রুর। তিনি বলেন, 'কথা চলছে। নেইমারের আমিও ভক্ত। ও একটু অন্য ধরনের ফুটবলার। ২০১২ সালে ওঁর সঙ্গে দেখা করেছিলাম। ওঁর উপর আমার একটা সফট কর্নার আছে। যেহেতু ২টো বড় ফুটবলের প্রজেক্টে ভেনচার করছি, নেইমারকেও আনার পরিকল্পনা রয়েছে। কলকাতায় না হলেও দেশে অবশ্যই আসবে নেইমার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও আনার ইচ্ছে রয়েছে আমার।'