'নরেন্দ্র নামটাতে ঘেন্না ধরে গেল', পাক বক্সারের মন্তব্য শুনে হেসে ফেললেন খোদ PM মোদীও

সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এক মজাদার অভিজ্ঞতার কথা শোনালেন ভারতীয় বক্সার নরেন্দ্র বেরওয়াল। তাঁর মুখে সেই গল্প শুনে হেসে ওঠেন খোদ PM নরেন্দ্র মোদীও।

Advertisement
'নরেন্দ্র নামটাতে ঘেন্না ধরে গেল', পাক বক্সারের মন্তব্য শুনে হেসে ফেললেন খোদ PM মোদীওপাক বক্সারের মন্তব্য শুনে হেসে ফেললেন খোদ PM মোদীও
হাইলাইটস
  • দুই দেশের প্রতিদ্বন্দিতা চলে বক্সিংয়ের রিং-এও।
  • নিজের মজাদার এক অভিজ্ঞতার কথা শোনান নরেন্দ্র বেরওয়াল।
  • প্রধানমন্ত্রীর বাসভবনে কমনওয়েলথ গেমসে পদকজয়ীরা ছাড়াও হাজির ছিলেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান পিটি ঊষা।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মহারণ। শুধুমাত্র ক্রিকেটের ক্ষেত্রেই যে এমন কথা প্রযোজ্য তা নয়, দুই দেশের প্রতিদ্বন্দিতা চলে বক্সিংয়ের রিং-এও। সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে সেই অভিজ্ঞতাই শোনালেন ভারতীয় বক্সার নরেন্দ্র বেরওয়াল।

আসলে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারি বাসভবনে ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সংবর্ধনা জানাতে একটি আলাপচারিতা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানেই নিজের মজাদার এক অভিজ্ঞতার কথা শোনান নরেন্দ্র বেরওয়াল। তাঁর মুখে সেই গল্প শুনে হেসে ওঠেন খোদ PM নরেন্দ্র মোদীও।

ভারতীয় বক্সার বেরওয়াল বলেন, "আমরা যখন পাকিস্তান নিয়ে কথা বলছি, তখন পুরনো একটা গল্প মনে পড়ে গেল। ২০১৫ সালে ওয়ার্ল্ড মিলিটারি গেমস চলছিল। আমার প্রথম রাউন্ডের খেলা ছিল পাকিস্তানের বক্সারের বিরুদ্ধে। যেহেতু জওয়ানরা এই খেলায় নামে, তাই সেনাকর্তারা আমাকে জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে। আমি সেই ম্য়াচ জিতেওছিলাম। তবে হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ায়  ম্যাচ চলাকালীন দু'জনেরই মুখে চোট লাগে। ফলে লড়াইয়ের পর সেলাই করানোর জন্য দু'জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"

ভারতীয় বক্সার বলেন, "এই হাসপাতালে যাওয়ার সময়ই পাকিস্তানি বক্সার আমায় প্রশ্ন করে, ভাই একটা কথা বলব? আমি বলি বলও।  তখন ও বলল, তোমার নাম নরেন্দ্র, তোমার কোচের নাম নরেন্দ্র, তোমাদের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র। এই নরেন্দ্র নামটার প্রতি আমার ঘেন্না জন্মে গিয়েছে।”

বক্সার নরেন্দ্র বেরওয়ালের মুখে এই অভিজ্ঞতা শুনে হেসে ফেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে, ওই কক্ষের অন্য সকলে। সেই মজাদার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে কমনওয়েলথ গেমসে পদকজয়ীরা ছাড়াও হাজির ছিলেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান পিটি ঊষা-সহ অন্য কর্তারাও। তাঁদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।

 

POST A COMMENT
Advertisement