বাবার সঙ্গে আয়ুষী, মেহুলি ঘোষস্পেনে গ্রানাডা বিশ্বকাপ দিয়ে শুরু হচ্ছে এবারের আন্তর্জাতিক শুটিং মরসুম। আর প্রথম প্রতিযোগিতায় ভারতের হয়ে নামছেন বাংলার দুই শ্যুটার মেহুলি ঘোষ এবং আয়ুষী পোদ্দার। তাঁরা যথাক্রমে ১০ মিটার এয়ার রাইফেল এবং ৫০ মিটার থ্রি পজিশন রাইফেন ইভেন্টে নামবেন। বিশ্বকাপে অংশ নিতে ইতিমধ্যেই স্পেন পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ভারতীয় শুটিংয়ে মেহুলি নতুন মুখ নন।
তবে গত কয়েক বছরে কিছুটা পিছিয়ে পড়েছেন। প্রত্যাবর্তনের লক্ষ্যে নিজের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের পাশাপাশি ৫০ মিটার থ্রি পজিশন রাইফেল ইভেন্টেও নেমেছিলেন একাধিক প্রতিযোগিতায়। গ্রানাডা বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের জন্য জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। ১২ এপ্রিল প্রতিযোগিতার শেষ দিনে হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসে পদকজয়ী মেহুলির ইভেন্ট। আয়ুষীও অতীতে জাতীয় দলের সদস্য ছিলেন।
দারুণ রেকর্ড আয়ুষীর
ফলে আশায় বুক বাঁধছেন বাংলার ক্রীড়া মহল। শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যেই নিজের নাম করে নিয়েছেন আয়ুষী। মাত্র ১৭ বছর বয়সে চারটে সোনা ও একটি ব্রোঞ্জ জিতে সকলের নজর কেড়েছিলেন তিনি। এর আগে রাজ্য গেমসেও সোনা পেয়েছে আয়ুষী। বাংলায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী মেহুলি ঘোষকে সে সময় হারিয়ে দেন। দশ মিটার এয়ার রাইফেলে রেকর্ড পয়েন্ট পেয়েছিলেন আয়ুষী। ৬০০-র মধ্যে ৫৯৬। এড়পরেই আসে জাতীয় দলে খেলার সুযোগ। ৫০ মিটার রাইফেল প্রোন থ্রি পজিশনে। বাবা-ই তাঁর কোচ।
২০২২ বিশ্বকাপেও সুযোগ পেয়েছিলেন আয়ুষী
২০১৮ সালে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ফিফটি মিটার রাইফেল থ্রি পজিশনে রুপো জেতেন আয়ুষী পোদ্দার। আর সেবারই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেই ব্যক্তিগত ও দলগত ইভেন্টে সাফল্য পান বাংলার আরও এক শুটার মেহুলি। ত্রিবান্দ্রমে ১০ মিটার এয়ার রাইফেলে চারটি সোনা জিতে তাক লাগিয়ে দেন মেহুলি ঘোষ। ২০২২-এও আয়ুষী বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন। জুনিয়র শুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপে জোড়া রুপো পাওয়া আয়ুষি সেবারই প্রথম সিনিয়র বিশ্বকাপে নামেন।