
snehashish ganguly বাবার বিয়ের চারমাস পর পিঁড়িতে বসতে চলেছেন স্নেহা গঙ্গোপাধ্যায় (Sneha Ganguly)। জুলাই মাসেই বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়ের (Arpita Chatterjee) সঙ্গে বিয়ে সারেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehashish Ganguly)। এবার তাঁর মেয়ের বিয়ের খবর দিলেন প্রাক্তন স্ত্রী মম গঙ্গোপাধ্যায় (Mom Ganguly)।
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও মম গঙ্গোপাধ্যায়ের কন্যা স্নেহা দীর্ঘদিন ধরেই আমেরিকায় থাকেন। সেখানেই জেনেটিক্স নিয়ে রিসার্চ করছেন। আর মার্কিন মুলুকে পড়াশোনা করতে গিয়েই নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের মেয়ে ও হবু জামাইয়ের বেশ কিছু রোম্যান্টিক ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে সুখবর দিলেন মম। তিনি জানান, ‘অবশেষে সেই দিন এসে উপস্থিত…আমার বাচ্চা মেয়ে নিজের জীবনের নতুন যাত্রা শুরু করছে…’। স্নেহার মা জানান, সান দিয়াগোতে মাস্টার্স ডিগ্রি করার সময় প্রথম বছরেই দু'জনের আলাপ। সেখান থেকেই শুরু হয় প্রেম।
পড়াশোনা হোক বা জীবনের প্রত্যেক মুশকিল পরিস্থিতিতে পরস্পরের হাতটা শক্ত করে বন্ধুর মতো ধরে থেকেছেন স্নেহা ও তাঁর বয়ফ্রেন্ড নিখিল। ট্রেক করতে গিয়ে একদিন পাহাড়ের চূড়ায় হাঁটু গেড়ে বসে স্নেহাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন নিখিল। উল্টোদিকে তখন সূর্য অস্ত যাচ্ছে। রূপকথার মতো সেই বিয়ের প্রস্তাব দেওয়ার ছবিও মম শেয়ার করেছেন ইনস্টায়। ‘হ্যাঁ’ বলতে দেরি করেননি স্নেহা। ভার্জিনিয়ার শেনানডোয়া ন্যাশনাল পার্কে স্নেহাকে বিয়ের প্রস্তাব দেন নিখিল ক্ষীরসাগার। ৩ বছর আগে যেদিন তাঁদের প্রথম আলাপ, সেই দিনটাকেই তিনি বেছে নিয়েছিলে বিশেষ মুহূর্ত হিসাবে। মহারাষ্ট্রের ছেলে নিখিল, এখন তিনিও থাকেন ওয়াশিংট ডিসি-র বাল্টিমোরে।

নিখিলকে গঙ্গোপাধ্যায় পরিবারে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন সানা। শ্যালিকা লেখেন, ‘পরিবারে তোমাকে স্বাগত নিখিল…’। শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে স্নেহার পোস্টে। কিন্তু কবে পাকাপাকিভাবে মিস থেকে মিসেস হচ্ছেন তিনি, তা স্পষ্ট করেননি।