সুরেশ রায়নাএতদিন মিস্টার আইপিএল (IPL) বলা হত তাঁকে। সেই সুরেশ রায়নাই (Suresh Raina) নাকি অবিক্রিত থেকে গেলেন আইপিএল-এর মেগা নিলামে। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে দারুণ খেলেছেন রায়না। অনেকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। এবার কি তাঁর আইপিএল কেরিয়ারও শেষ? তবে এখনই এমনটা বলার সময় আসেনি। আরও একবার তাঁর নাম নিলামে উঠবে। সেই সময় যদি কোনও দল তাঁকে কেনে তবে সেই দলের হয়েই আইপিএল-এ খেলতে দেখা যাবে বাঁ হাতি এই ব্যাটারকে। দুই কোটি টাকা বেস প্রাইস ছিল রায়নার। তবুও নিলামের প্রথম দিনে দল পেলেন না রায়না। শুধু ব্যাটার হিসেবে নয় দলের প্রয়োজনে বল করতে পারেন তিনি। ফিল্ডার হিসেবেও বেশ ফিট রায়না। দল পাননি অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ (Steve Smith) ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারও (David Miller)। এই দুই ক্রিকেটারও একটা সময় আইপিএল কাঁপিয়েছেন।
২০৪ ম্যাচ খেলে ৫৫২৮ রান করেছেন রায়না। আইপিএল-এর ইতিহাসে তিনি চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রথম বিরাট কোহলি। তাঁর রান ৬২৮৩। শিখর ধাওয়ান দ্বিতীয়। তিনি ৫৭৮৪ রান করেছেন। ৫৬১১ রান করে রোহিত শর্মা তৃতীয়। গতবারের আইপিএল-এ ১২ টি ম্যাচ খেলেছেন রায়না। মাত্র ১৬০ রান করায় শেষদিকে বাদ যান তিনি।
গতবারে ভাল খেলতে পারেননি স্মিথও। ২০১৪ সাল থেকে আইপিএল খেলছেন তিনি। ১০৩ টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। ২৪৮৫ রান করেছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও ১১ টি হাফ সেঞ্চুরি। গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে আটটি ম্যাচ খেলেছেন স্মিথ। ১৫২ রান করেছেন তিনি। তবে এবার তাঁকে ছেড়ে দিয়েছিল দিল্লি।
আরও পড়ুন: নিলাম শুরুর আগে জেনে নিন, কোন দলের কাছে কত টাকা রয়েছে
আরও পড়ুন: বিরাট কহলির ফর্ম নিইয়ে চিন্তিত নয় টিম, জানালেন রোহিত শর্মা
আইপিএল-এ ৮৯ ম্যাচ খেলেছেন ডেভিড মিলার। ১৯৭৪ রান করেছেন তিনি। যার মধ্যে একটি সেঞ্চুরি ও ১০টি অর্ধ শতরান রয়েছে। গত মরশুমে নয় ম্যাচে মাত্র ১২৪ রান করেছিলেন তিনি। তার মধ্যেও একটি অর্ধ শতরান ছিল।